ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, অন্যান্য

নেতানিয়াহুর সঙ্গে জোট ভোটারদের পিঠে ছুরিকাঘাত হবে: গোলান

নেতানিয়াহুর সঙ্গে জোট ভোটারদের পিঠে ছুরিকাঘাত হবে: গোলান

আন্তর্জাতিক, অন্যান্য

নেতানিয়াহুর সঙ্গে জোট ভোটারদের পিঠে ছুরিকাঘাত হবে: গোলান

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ২৩শে নভেম্বর ২০২৬ ০৭:১০:৫৬ অপরাহ্ন

ইসরায়েলে সরকার গঠনের আলোচনা তৃতীয় সপ্তাহে গড়ালেও কোনো বাস্তব অগ্রগতি হয়নি বলে জানিয়েছেন বিরোধী নেতা ও ডেমোক্র্যাটস পার্টির প্রধান ইয়াইর গোলান। রবিবার তিনি সংখ্যালঘু সরকার গঠনের আহ্বান জানিয়ে বলেন, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গড়ার পথে এগোলে তা হবে ‘ভোটারদের পিঠে ছুরিকাঘাত’।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে গোলান লিখেছেন, যত দ্রুত সম্ভব নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোই ছিল ভোটারদের কাছে চেঞ্জ ব্লকের নেতাদের প্রধান অঙ্গীকার। সেই অঙ্গীকার পূরণে কেউ বাধা দিলে তাকে জনগণের কাছে এর কারণ ব্যাখ্যা করতে হবে। তার আশঙ্কা, সরকার গঠনের আলোচনা যেভাবে এগোচ্ছে, তাতে নেতানিয়াহুর নেতৃত্বে আবারও সরকার গঠিত হতে পারে।


গোলানের মতে, বর্তমান পরিস্থিতিতে সংখ্যালঘু সরকারই একমাত্র বাস্তবসম্মত বিকল্প। তিনি বলেন, ভোটাররা নেতানিয়াহুকে সরানোর জন্যই চেঞ্জ ব্লকের নেতাদের নির্বাচিত করেছেন। নেতানিয়াহুর সঙ্গে ঐক্যের সরকার গঠনের যেকোনো উদ্যোগের বিরোধিতা করবে তার দল।


কট্টরপন্থী ইহুদি ধর্মীয় দলগুলোর সঙ্গে আলোচনা প্রসঙ্গে গোলান বলেন, সহযোগিতার রূপরেখা নিয়ে ঐকমত্য না হলে ওই আলোচনাকে সরকার গঠনের পূর্বশর্ত করা উচিত হবে না। আরব রাজনৈতিক দল জয়েন্ট লিস্টের সঙ্গে সমঝোতার সম্ভাবনাও গুরুত্ব দিয়ে বিবেচনার আহ্বান জানান তিনি। তার মতে, দলটির সঙ্গে সহযোগিতার সম্ভাবনা নাকচ করার পেছনে বর্ণবাদের ছাপ রয়েছে। তিনি জানান, মনসুর আব্বাসের নেতৃত্বাধীন ইউনাইটেড আরব লিস্টের সঙ্গে তার দলের চমৎকার অংশীদারত্ব রয়েছে।


গত ৮ নভেম্বর প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ চেঞ্জ ব্লকের নেতা গাদি আইজেনকটকে সরকার গঠনের জন্য ২৮ দিন সময় দেন। প্রয়োজনে মেয়াদ আরও ১৪ দিন বাড়ানো যেতে পারে। আইজেনকট ব্যর্থ হলে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের অন্য একজন সদস্য সরকার গঠনের জন্য ২৮ দিন সময় পাবেন।


সূত্র: আনাদোলু এজেন্সি


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন