ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত কয়েকজন

পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত কয়েকজন

সারা বাংলা

পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত কয়েকজন

পিরোজপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে

পিরোজপুরের মঠবাড়িয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সাপলেজা ইউনিয়নের ভাড়ানি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাপলেজা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম অভি মঠবাড়িয়া থেকে নিজ এলাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় তাঁকে অভ্যর্থনা জানাতে সাপলেজা ইউনিয়ন থেকে তাঁর সমর্থকেরা মঠবাড়িয়ার উদ্দেশে রওনা হন। পথে ভাড়ানি এলাকায় অপর চেয়ারম্যান প্রার্থী নাসির খানের সমর্থকদের সঙ্গে তাঁদের মুখোমুখি দেখা হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হলে তা সংঘর্ষে রূপ নেয়।

 

এতে জাহিদুল ইসলাম অভির পক্ষের পাঁচ থেকে ছয়জন এবং নাসির খানের পক্ষের কয়েকজন আহত হন। তাঁদের মধ্যে নাসির খানের পক্ষের একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

 

চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম অভি অভিযোগ করে বলেন, তাঁকে অভ্যর্থনা জানাতে আসার পথে ভাড়ানি এলাকায় আগে থেকে ওত পেতে থাকা নাসির খানের লোকজন তাঁর সমর্থকদের ওপর হামলা চালান। এতে তাঁর ছয়জন সমর্থক গুরুতর আহত হয়েছেন। এলাকায় তাঁর জনসমর্থন বেশি থাকায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষের লোকজন এ হামলা চালিয়েছেন বলে দাবি করেন তিনি।

 

তবে অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান প্রার্থী নাসির খান বলেন, জাহিদুল ইসলাম অভির সমর্থকেরাই উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর লোকজনের ওপর হামলা চালিয়েছেন। এতে ছাত্রদলের এক কর্মীসহ তাঁর পক্ষের কয়েকজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

 

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, সাপলেজা ইউনিয়নে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পেয়েছেন তিনি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন