আন্তর্জাতিক
লিবিয়ার বন্দরে ইউক্রেনের ড্রোন হামলায় ডুবল রাশিয়ার যুদ্ধজাহাজ

লিবিয়ার একটি বন্দরে ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ার একটি যুদ্ধজাহাজ ডুবে গেছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
পূর্ব লিবিয়া নিয়ন্ত্রণকারী সরকার জানিয়েছে, রাশিয়ায় ফেরার আগে জ্বালানি ও রসদ সংগ্রহের জন্য বেনগাজি নৌঘাঁটিতে নোঙর করার সময় ভোরে যুদ্ধজাহাজটিতে বিস্ফোরণ ঘটে।
জেলেনস্কি আরও জানান, ইউক্রেনের এই হামলায় রাশিয়ার দ্বিতীয় আরেকটি জাহাজও আঘাতপ্রাপ্ত হয়েছে। এটি একটি পণ্যবাহী জাহাজ, যা অস্ত্র পরিবহনের কাজে ব্যবহৃত হচ্ছিল বলে তিনি দাবি করেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বন্দরের অদূরে উপকূলে হামলার শিকার হওয়া একটি বাণিজ্যিক জাহাজের আহত ব্যক্তিদের তারা চিকিৎসা দিচ্ছে। ইউক্রেন যে জাহাজটিতে হামলার দায় স্বীকার করেছে, এটি সেই একই জাহাজ কি না, তা এখনো স্পষ্ট নয়।
এই হামলার পর ক্রেমলিন ‘অঞ্চলটিতে উত্তেজনা বৃদ্ধির’ বিষয়ে সতর্ক করেছে, তবে লিবিয়ায় হামলার বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
সোমবার এক বিবৃতিতে জেলেনস্কি এই হামলাকে ‘রাশিয়ার যুদ্ধের জবাবে ইউক্রেনের একটি অনুকরণীয় অভিযান’ হিসেবে প্রশংসা করেন।
জেলেনস্কি লিখেছেন, রাশিয়ার অন্যতম আধুনিক জাহাজ কর্ভেট ‘মারকারি’কে লক্ষ্যবস্তু করে ডুবিয়ে দিতে সাতটি নৌ-ড্রোন মোতায়েন করা হয়েছিল। এ সময় একটি কেএ-২৭ (Ka-27) যুদ্ধ হেলিকপ্টারও ধ্বংস হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট জানান, হামলার শিকার দ্বিতীয় জাহাজটি হলো রাশিয়ার কনটেইনারবাহী জাহাজ ‘এমভি আঙ্গারা’ (MV ANGARA)।
ডিবিসি/এসডব্লিউএন