ডিবিসি নিউজdbcnews.tv

অপরাধ

গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধ ও অপরাধীদের শাস্তির আহ্বান প্রফেসর ইউনূসের

গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধ ও অপরাধীদের শাস্তির আহ্বান প্রফেসর ইউনূসের

অপরাধ

গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধ ও অপরাধীদের শাস্তির আহ্বান প্রফেসর ইউনূসের

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে

গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে ধারাবাহিক অগ্নিসংযোগ বন্ধ এবং এসব ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

আজ এক বিবৃতিতে তিনি বলেন, নভেম্বরের শুরু থেকে প্রায় প্রতিদিনই পেট্রোল বোমা দিয়ে গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে হামলা চালানো হচ্ছে। শুধু নভেম্বর মাসেই দেশের প্রায় ১০০টি শাখায় একই কায়দায় হামলা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

বিবৃতিতে ইউনূস বলেন, এসব হামলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছে। হামলার ধরন দেখে তার মনে হয়েছে, অপরাধীদের প্রতিদিন এ ধরনের হামলা চালানোর জন্য ওপরের মহল থেকে নির্দেশ দেওয়া হচ্ছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এসব ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্দেহভাজন কর্মীরা জড়িত বলেও তিনি উল্লেখ করেন।

 

তিনি বলেন, গ্রামীণ ব্যাংকের ওপর পরিকল্পিত ও ধারাবাহিক হামলা অত্যন্ত উদ্বেগজনক। ব্যাংকটি দরিদ্র মানুষের, বিশেষত দরিদ্র নারীদের মালিকানাধীন একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিষ্ঠান। এ বছর ব্যাংকটির প্রতিষ্ঠার ৫০ বছর এবং নোবেল শান্তি পুরস্কার অর্জনের ২০ বছর উদযাপিত হচ্ছে।

 

ইউনূস বলেন, বর্তমানে গ্রামীণ ব্যাংকের ১ কোটি ১০ লাখ ঋণগ্রহীতার ৯৭ শতাংশই নারী। ব্যাংকটির ঋণ আদায়ের হার ৯৫ শতাংশের বেশি। এসব দরিদ্র নারীই ব্যাংকটির মালিক। ফলে ব্যাংকের ওপর হামলা তাদের নিরাপত্তা, স্বাধীনতা এবং সন্তানদের ভবিষ্যতের ওপর সরাসরি আঘাত।

 

তিনি আরও বলেন, গ্রামীণ ব্যাংক নারীদের দারিদ্র্য ও বঞ্চনা থেকে বেরিয়ে মর্যাদাপূর্ণ জীবনযাপন, অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং সন্তানদের শিক্ষিত করে তোলার সুযোগ তৈরি করে। ব্যাংকটির ক্ষুদ্রঋণ মডেল বিশ্বের বিভিন্ন দেশেও অনুসরণ করা হয়েছে।

 

বিবৃতিতে বলা হয়, কয়েকটি ঘটনায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও ঋণগ্রহীতারা প্রাণঘাতী হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন। এসব হামলায় লাখ লাখ গ্রামীণ নারীর দৈনন্দিন জীবনে গভীর আতঙ্ক সৃষ্টি হয়েছে। তাঁদের কাছে ব্যাংকটি পরিবারের ভরণপোষণ, সন্তানদের শিক্ষা ও জীবনের নানা প্রয়োজন মেটানোর গুরুত্বপূর্ণ অবলম্বন।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন