সারা বাংলা
ঝিনাইদহে দু’পক্ষের আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ১০, বাড়িঘর ভাঙচুর

ঝিনাইদহের শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় অন্তত ২০টি বাড়িঘর ও দোকান ভাঙচুর করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার দোহারো গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দোহারো গ্রামের সাবেক ইউপি সদস্য উজির আলী মোল্লার সমর্থকদের সঙ্গে ইউনিয়ন যুবদল নেতা মেহেদী হাসান বাবুর সমর্থকদের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বিকেলে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এতে অন্তত ১০ জন আহত হন। এ সময় অন্তত ২০টি বাড়িঘর ও দোকান ভাঙচুর করা হয়। পরে আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ডিবিসি/এমএনকে