সারা বাংলা
নৌবাহিনীর ৪০ সদস্য পেলেন শান্তিকালীন পদক

বীরত্ব, সাহসিকতা, পেশাগত দক্ষতা ও দায়িত্ব পালনে বিশেষ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ নৌবাহিনীর ৪০ জন সদস্যকে শান্তিকালীন পদক প্রদান করা হয়েছে। সোমবার নৌবাহিনী সদর দপ্তরের সাগরিকা হলে আয়োজিত এক অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম পদকপ্রাপ্তদের হাতে এসব পদক তুলে দেন।
নৌবাহিনীর বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান, পেশাগত উৎকর্ষ, দায়িত্বনিষ্ঠা, শৃঙ্খলা ও সাহসিকতাপূর্ণ কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ ছয়টি ক্যাটাগরিতে এ পদক দেওয়া হয়। পদকপ্রাপ্তদের মধ্যে তিনজন নৌবাহিনী পদক (এনবিপি), পাঁচজন অসামান্য সেবা পদক (ওএসপি), পাঁচজন বিশিষ্ট সেবা পদক (বিএসপি), সাতজন নৌ গৌরব পদক (এনজিপি), ১০ জন নৌ উৎকর্ষ পদক (এনইউপি) এবং ১০ জন নৌ পারদর্শিতা পদক (এনপিপি) অর্জন করেছেন।
অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান পদকপ্রাপ্ত সদস্যদের পেশাগত নিষ্ঠা, কর্মদক্ষতা, সাহসিকতা ও দায়িত্বশীলতার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, নৌবাহিনীর সদস্যদের পেশাগত উৎর্ষ ও দায়িত্ব পালনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এসব পদক প্রদান করা হচ্ছে। এ ধরনের স্বীকৃতি সদস্যদের কর্মস্পৃহা ও মনোবল বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যতে আরও আন্তরিকতা, নিষ্ঠা ও উদ্দীপনার সঙ্গে দায়িত্ব পালনে অনুপ্রেরণা জোগাবে।
দেশের সমুদ্রসীমার সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষা, জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং যেকোনো সংকটময় পরিস্থিতি মোকাবিলায় নৌবাহিনীর প্রতিটি সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান নৌপ্রধান।
অনুষ্ঠানে নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পদকপ্রাপ্ত সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনীর সদস্যদের অসামান্য অবদান, পেশাগত দক্ষতা ও দেশসেবায় বিশেষ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ প্রতিবছর শান্তিকালীন পদক প্রদান করা হয়।
ডিবিসি/এমএনকে