সারা বাংলা
যশোর বোর্ডে এইচএসসি পুনর্নিরীক্ষণ: নতুন জিপিএ-৫ পেলেন ৫১৫ জন, ফল বদলাল ১৯০৯ জনের

যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। এতে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৫১৫ জন শিক্ষার্থী এবং ফেল থেকে পাস করেছেন ৬২৮ জন। সব মিলিয়ে ১ হাজার ৯০৯ জন শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে।
সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টায় পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর বোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে। উত্তরপত্র মূল্যায়নে পরীক্ষকদের গাফিলতির কারণে বিপুলসংখ্যক শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে বলে স্বীকার করেছে বোর্ড কর্তৃপক্ষ। দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট পরীক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।
বোর্ড সূত্রে জানা যায়, এ বছর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর ২৬ হাজার ২৭৭ জন শিক্ষার্থী মোট ৯৭ হাজার ৬১৮টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেন। এসব উত্তরপত্র পুনরায় যাচাই করে মোট ৪ হাজার ৮১০টি নম্বরে পরিবর্তন আনা হয়েছে, যার ফলে ১ হাজার ৯০৯ জন শিক্ষার্থীর গ্রেড বা ফল পরিবর্তিত হয়েছে।
পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস করা ৬২৮ জন শিক্ষার্থীর মধ্যে একজন সরাসরি জিপিএ-৫ পেয়েছেন। এ ছাড়া 'এ' গ্রেড পেয়েছেন একজন, 'এ মাইনাস' দুইজন, 'বি' গ্রেড ১৮৩ জন, 'সি' গ্রেড ৭১ জন এবং 'ডি' গ্রেড পেয়েছেন ৩৭০ জন।
অন্যদিকে, গ্রেড উন্নীত হয়ে নতুন করে জিপিএ-৫ পাওয়া বাকি ৫১৪ জনের মধ্যে 'এ' গ্রেড থেকে ৫০৭ জন, 'এ মাইনাস' থেকে ৬ জন এবং 'বি' গ্রেড থেকে একজন জিপিএ-৫ অর্জন করেছেন। অন্যান্য গ্রেড পরিবর্তনের মধ্যে 'ডি' থেকে 'সি' গ্রেড পেয়েছেন ৫১ জন, 'সি' থেকে 'বি' ১২৪ জন, 'সি' থেকে 'এ' একজন, 'বি' থেকে 'এ মাইনাস' ২৪৫ জন, 'বি' থেকে 'এ' তিনজন এবং 'এ মাইনাস' থেকে 'এ' গ্রেড পেয়েছেন ৩৪৩ জন শিক্ষার্থী।
এ বিষয়ে যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম হোসেন আলী বলেন, ‘উত্তরপত্র মূল্যায়নে কিছু শিক্ষকের গাফিলতি ছিল। অনেক খাতা যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি, যে কারণে বিপুলসংখ্যক শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।’ তিনি আরও জানান, যেসব পরীক্ষকের বিরুদ্ধে মূল্যায়নে গাফিলতির প্রমাণ পাওয়া গেছে, ভবিষ্যতে তাদের আর খাতা মূল্যায়নের দায়িত্ব দেওয়া হবে না এবং প্রয়োজনে তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ডিবিসি/এমএনকে