ডিবিসি নিউজdbcnews.tv

বিবিধ, অনুষ্ঠান

যুক্তরাজ্যে ঝিনাইদহবাসীর মিলনমেলা, পিঠা উৎসবে প্রবাসীদের আনন্দ-উচ্ছ্বাস

যুক্তরাজ্যে ঝিনাইদহবাসীর মিলনমেলা, পিঠা উৎসবে প্রবাসীদের আনন্দ-উচ্ছ্বাস

বিবিধ, অনুষ্ঠান

যুক্তরাজ্যে ঝিনাইদহবাসীর মিলনমেলা, পিঠা উৎসবে প্রবাসীদের আনন্দ-উচ্ছ্বাস

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

যুক্তরাজ্যে বসবাসরত ঝিনাইদহবাসীর অংশগ্রহণে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘প্রাণের ঝিনাইদহ UK পিঠা মেলা, মেগা ফেস্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠান’। প্রবাসের মাটিতে নিজ জেলার মানুষের সঙ্গে মিলিত হতে যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শত শত ঝিনাইদহবাসী ও তাঁদের পরিবারের সদস্যরা এ আয়োজনে অংশ নেন। আয়োজকদের দাবি, বাংলাদেশের বাইরে ঝিনাইদহবাসীদের নিয়ে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় মিলনমেলা।

লন্ডনের কনজারভেটিভ ক্লাবের ১ ভিকারেজ লেনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনভর পরিচিতি, কুশল বিনিময়, গল্প, আড্ডা, খেলাধুলা ও সাংস্কৃতিক পরিবেশনায় মুখর ছিল অনুষ্ঠানস্থল। প্রবাসে বসবাসরত ঝিনাইদহবাসীর কাছে এ আয়োজন হয়ে ওঠে নিজ জেলার মানুষ ও শেকড়ের সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ে তোলার এক বিশেষ উপলক্ষ।

 

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর অতিথি ও অংশগ্রহণকারীদের জন্য আয়োজন করা হয় মধ্যাহ্নভোজের। খাবারের তালিকায় ছিল পোলাও, খাসির মাংসের রেজালা, মুরগির মাংসের তরকারি, ডাল, মিশ্র সবজি, সালাদ, আচার ও কোমল পানীয়। শিশুদের জন্য ছিল চিকেন নাগেটস, চিপস, সমুচা ও স্প্রিং রোলসহ বিভিন্ন খাবার।

 

আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল ঝিনাইদহের প্রবাসী নারীদের নিজ হাতে তৈরি ঐতিহ্যবাহী পিঠা ও ডেজার্ট। নানা স্বাদ ও নকশার পিঠায় ফুটে ওঠে বাংলাদেশের গ্রামীণ ঐতিহ্য ও শীতকালীন উৎসবের আমেজ। পিঠা প্রদর্শনী ও প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের উৎসাহিত করতে পুরস্কার ও উপহারের ব্যবস্থাও রাখা হয়।

 

দিনব্যাপী অনুষ্ঠানে শিশু ও বড়দের জন্য ছিল বিভিন্ন ধরনের খেলাধুলা ও প্রতিযোগিতা। শিশুদের জন্য বিশেষ গেমস ও উপহার ব্যাগের আয়োজন করা হয়। পরিবারের সব বয়সী সদস্যের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানস্থল উৎসবমুখর হয়ে ওঠে।

 

দিনের শেষভাগে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। গান ও সংগীত পরিবেশনার পাশাপাশি প্রবাসীরা একে অন্যের সঙ্গে গল্প ও আড্ডায় মেতে ওঠেন। দীর্ঘদিন পর নিজ জেলার পরিচিত মানুষদের সঙ্গে দেখা হওয়ায় অনেকেই ফিরে যান ঝিনাইদহে কাটানো স্মৃতিময় দিনগুলোর কথায়।

 

আয়োজকেরা জানান, প্রবাসে ঝিনাইদহবাসীর মধ্যে পারস্পরিক যোগাযোগ, সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও ঐক্যের বন্ধন সুদৃঢ় করতেই এ আয়োজন করা হয়েছে। পাশাপাশি নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও ঝিনাইদহ জেলার পরিচয় তুলে ধরাও ছিল অনুষ্ঠানের অন্যতম উদ্দেশ্য।

 

তাঁদের দাবি, বাংলাদেশের বাইরে ঝিনাইদহবাসীদের নিয়ে এত বড় পরিসরে মিলনমেলার আয়োজন এর আগে হয়েছে বলে তাঁদের জানা নেই। ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও বড় পরিসরে করার প্রত্যাশাও ব্যক্ত করেন তাঁরা।

 

অনুষ্ঠানে অংশ নেওয়া প্রবাসী ঝিনাইদহবাসীরা জানান, দেশের বাইরে ব্যস্ত জীবনে নিজ জেলার মানুষের সঙ্গে একত্র হওয়ার সুযোগ তাঁদের কাছে বিশেষ আনন্দের। নিয়মিত এমন আয়োজনের মাধ্যমে যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা ঝিনাইদহবাসীর মধ্যে যোগাযোগ ও সৌহার্দ্য আরও বাড়বে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

 

আয়োজকদের মতে, সবার সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ‘প্রাণের ঝিনাইদহ UK’-এর পিঠা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রবাসের মাটিতে নিজ জেলার ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরার পাশাপাশি এ আয়োজন ঝিনাইদহবাসীর পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করেছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন