সারা বাংলা
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে সাতক্ষীরায় ৫ হাজার হেক্টরের বেশি জমির ফসল ক্ষতিগ্রস্ত

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে সাতক্ষীরায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে কেটে রাখা আমন ধান ও শীতকালীন সবজির ক্ষেত। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে সরিষাসহ বিভিন্ন ফসল।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, টানা বৃষ্টিতে জেলায় ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ক্ষতিগ্রস্ত ফসলের মধ্যে রয়েছে ২ হাজার ২৭১ হেক্টর জমির আমন ধান, ২ হাজার ৭২৯ হেক্টর জমির সরিষা, ৫২১ হেক্টর জমির শাকসবজি, ১৫ হেক্টর জমির আলু, ৭ হেক্টর জমির খেসারি, ৪ হেক্টর জমির মরিচ, ১৬ হেক্টর জমির পেঁয়াজ এবং ৪ হেক্টর জমির রসুন।
ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, টানা বৃষ্টিতে জমিতে কেটে রাখা ধান পানিতে তলিয়ে গেছে। তিন দিন পর গতকাল রোববার রোদের দেখা মেলায় তারা ভেজা ধান শুকিয়ে রক্ষার চেষ্টা করছেন। তবে অনেক ধান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এরই মধ্যে ধানের খড় পুরোপুরি নষ্ট হয়ে গেছে। অন্যদিকে, বাজারে আমন ধানের দাম কম থাকায় উৎপাদন খরচ তুলতে পারবেন কি না, তা নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন তারা। বর্তমানে প্রতি মণ আমন ধান বিক্রি হচ্ছে ১ হাজার ৪০ টাকায়।
সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ঝিটকি গ্রামের কৃষক ইমরান হোসেন বলেন, তাদের বাড়ির পাশের অধিকাংশ বিলের জমিতে কেটে রাখা ধান পানিতে ভাসছে। এতে তিনি ও এলাকার অনেক কৃষক ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন।
নগরঘাটা গ্রামের কৃষক কেরামত আলী জানান, দুই বিঘা জমিতে বিভিন্ন ধরনের শীতকালীন সবজির আবাদ করেছিলেন তিনি। টানা বৃষ্টিতে জমিতে পানি জমে তার সবজির ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে বড় ধরনের লোকসানের আশঙ্কা করছেন তিনি।
ব্রহ্মরাজপুর এলাকার কৃষক আব্দুল ওহাব বলেন, চার বিঘা জমিতে সরিষার আবাদ করেছিলেন তিনি। বৃষ্টির পানিতে পুরো জমি তলিয়ে যাওয়ায় তার সরিষার প্রায় সব ফসল নষ্ট হয়ে গেছে।
এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে জেলা কৃষি বিভাগ। মাঠপর্যায়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন উপসহকারী কৃষি কর্মকর্তারা। কেটে রাখা ধান দ্রুত পানি থেকে তুলে শুকনো স্থানে রাখার পরামর্শ দেয়া হচ্ছে কৃষকদের। পাশাপাশি সরিষার ক্ষেতে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশনের পরামর্শ দেয়া হচ্ছে। পানি নেমে যাওয়ার পর ছত্রাকনাশক প্রয়োগ করলে সরিষার ক্ষতি কমানো সম্ভব বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তারা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, সাতক্ষীরার অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ মো. জামালউদ্দীন বাসসকে বলেন, ঘূর্ণিঝড় আকভান সাতক্ষীরার উপকূলে সরাসরি আঘাত না হানলেও এর প্রভাবে গত কয়েক দিন টানা বৃষ্টিপাত হয়েছে। এতে জেলার কৃষকরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। টানা বৃষ্টিতে জেলায় ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরও জানান, ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতি কমাতে নিয়মিত প্রয়োজনীয় পরামর্শ দেয়া হচ্ছে। আর মাঠপর্যায়ে পরিস্থিতি পর্যবেক্ষণে উপসহকারী কৃষি কর্মকর্তারা কাজ করছেন।
ডিবিসি/এমএনকে