ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

পাবিপ্রবিতে সিট দখল নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, হল সভাপতিকে ছুরিকাঘাত

পাবিপ্রবিতে সিট দখল নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, হল সভাপতিকে ছুরিকাঘাত

সারা বাংলা

পাবিপ্রবিতে সিট দখল নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, হল সভাপতিকে ছুরিকাঘাত

স্টাফ রিপোর্টার, পাবনা

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) আবাসিক হলের সিট দখলকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সংঘর্ষের এক পর্যায়ে ‘জুলাই-৩৬ হল’ শাখা ছাত্রদলের সভাপতি ইমরানকে পেটে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ক্যাম্পাস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হলের সিট নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাবিপ্রবি শাখা ছাত্রদলের দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনা বিরাজ করছিল। এরই জেরে দুই গ্রুপের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে পুরো ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জুলাই-৩৬ হলের সভাপতি ইমরান পেটে গুরুতর আঘাত পান। পরে সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান।

 

এ বিষয়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে বলে জানা গেছে। তবে ঘটনার পর থেকে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কামরুজ্জামান বলেন, ‘এমন ঘটনার কথা শুনেছি, তবে আমি ছুটিতে আছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাংবাদিকদের নিকট খোঁজ নেন।’

 

এ বিষয়ে বক্তব্য জানতে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মুজাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক তরিকুলের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।

 

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, হলে ছাত্রদের দুই পক্ষের মধ্যে একটু ঝামেলা হয়েছে, এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। তেমন কিছুই না, ছুরিকাঘাতের ঘটনা ঘটলেও তা তেমন গুরুতর কিছু নয়।

 

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট পট পরিবর্তনের পর বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড সভায় ক্যাম্পাসে সব ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন