আন্তর্জাতিক
রুশ রণতরী ও পণ্যবাহী জাহাজে হামলা, কিয়েভকে কঠোর জবাব দেয়ার হুঁশিয়ারি মস্কোর

লিবিয়া ও বাল্টিক সাগরে রাশিয়ার জাহাজে ড্রোন হামলার জেরে ইউক্রেনকে ‘বেদনাদায়ক পরিণতির’ হুঁশিয়ারি দিয়েছে মস্কো। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি লিবিয়ার বেনগাজি বন্দরে রাশিয়ার দুটি জাহাজ ডুবিয়ে দেয়ার দাবি করার পর সোমবার (২৩ নভেম্বর) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের এ সতর্কবার্তা দেন।
পেসকভ জানান, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি দেখভাল করছে এবং উপযুক্ত মনে করলে বিস্তারিত তথ্য প্রকাশ করবে। এর জবাবে ইউক্রেনে রাশিয়ার হামলা অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের সামরিক বাহিনী প্রতিদিন ইউক্রেনের সামরিক অবকাঠামোতে বড় ধরনের ও ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে। এর ফলে কিয়েভ শাসকগোষ্ঠীকে অত্যন্ত বেদনাদায়ক পরিণতি ভোগ করতে হচ্ছে।’
বাল্টিক সাগরে হামলার ঘটনা ওই অঞ্চলে উত্তেজনা বাড়াচ্ছে বলে মন্তব্য করেন পেসকভ। তিনি আশা প্রকাশ করেন, বাল্টিক রাষ্ট্রগুলো তাদের প্রভাব খাটিয়ে কিয়েভকে এ ধরনের ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বন্ধ করতে চাপ দেবে।
এর আগে জেলেনস্কি জানান, রোববার ইউক্রেনীয় বাহিনী বেনগাজির একটি নৌঘাঁটিতে রাশিয়ার কর্ভেট রণতরী ‘মারকারি’ ডুবিয়ে দিয়েছে এবং অস্ত্র পরিবহনে ব্যবহৃত একটি পণ্যবাহী জাহাজে আঘাত হেনেছে। এ হামলার পর লিবিয়ার পূর্বাঞ্চলীয় সরকার সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ এনে জাতিসংঘে নালিশ জানিয়েছে এবং পশ্চিম লিবিয়ায় ইউক্রেনীয় সামরিক সদস্যদের উপস্থিতির খবরের বিষয়ে আন্তর্জাতিক তদন্তের দাবি তুলেছে।
পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়ার ব্যবহৃত ‘ছায়া নৌবহরের’ (শ্যাডো ফ্লিট) বাণিজ্যিক জাহাজ ও নৌ-সম্পদ লক্ষ্য করে ইউক্রেন সম্প্রতি হামলা জোরদার করেছে। এর অংশ হিসেবে গত শনিবার বাল্টিক সাগরের আন্তর্জাতিক জলসীমায় কালিনিনগ্রাদগামী রুশ জাহাজ ‘স্পার্টা টু’-তে ড্রোন হামলায় আগুন ধরে যায়। ফিনল্যান্ডের সামরিক বাহিনীর মতে, ইউক্রেনই সম্ভবত এ হামলা চালিয়েছে। পেসকভ এ ঘটনাকে ‘অত্যন্ত বিপজ্জনক প্রবণতা’ বলে অভিহিত করেছেন।
এদিকে, লিথুয়ানিয়া ও পোল্যান্ডের মাঝে অবস্থিত বিচ্ছিন্ন রুশ ভূখণ্ড কালিনিনগ্রাদে পণ্য সরবরাহ সচল রাখতে দুটি রেল ফেরি নির্মাণে ৪ হাজার ৭০০ কোটি রুবল (৫৭ কোটি ৬০ লাখ ডলার) ব্যয়ের ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন। ২০৩০ সালের মধ্যে উস্ত-লুগা ও বালতিয়স্কের মধ্যে ফেরিগুলো চালু হওয়ার কথা রয়েছে।
অন্যদিকে, চলমান উত্তেজনার মধ্যেই আবারও পারমাণবিক অস্ত্র ব্যবহারের ইঙ্গিত দিয়েছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ। সোমবার প্রকাশিত এক নিবন্ধে সাবেক এই রুশ প্রেসিডেন্ট লেখেন, আত্মরক্ষার প্রয়োজনে সম্ভাব্য পারমাণবিক অস্ত্রসহ হাতের নাগালে থাকা যেকোনো উপায় ব্যবহারের অধিকার এবং ক্ষেত্রবিশেষে বাধ্যবাধকতা রয়েছে রাশিয়ার। তবে ইউক্রেন ও ন্যাটোভুক্ত দেশগুলোর উসকানি সত্ত্বেও মস্কো এখন পর্যন্ত ইউক্রেন যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ‘সরাসরি প্রয়োজনীয়তা’ দেখছে না বলেও তিনি স্বীকার করেন।
সূত্র: আলজাজিরা
ডিবিসি/এমএনকে