সারা বাংলা
বাগেরহাটে ৪৭ লাখ টাকার অ্যাম্বুলেন্স উদ্বোধনের পরদিনই চুরি ৪ চাকা ও যন্ত্রাংশ

বাগেরহাটের মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৪৭ লাখ টাকা মূল্যের একটি অ্যাম্বুলেন্স উদ্বোধনের পরদিনই চারটি চাকা ও বিভিন্ন যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটেছে। ফলে অ্যাম্বুলেন্সটি বর্তমানে ব্যবহার করা যাচ্ছে না।
স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্রে জানা গেছে, অ্যাম্বুলেন্সটি উদ্বোধনের পরদিনই চুরির ঘটনা ঘটে এবং এটির চারটি চাকা ও বিভিন্ন যন্ত্রাংশ খুলে নেওয়া হয়। এতে দীর্ঘদিনের চিকিৎসক সংকট ও অবকাঠামোগত সমস্যায় জর্জরিত হাসপাতালটিতে জরুরি রোগী পরিবহন সেবা নিয়ে নতুন করে ভোগান্তি তৈরি হয়েছে।
অ্যাম্বুলেন্স চুরির বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন।
উল্লেখ্য, ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত প্রায় দেড় লাখ মানুষের চিকিৎসার ভরসাস্থল মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি চিকিৎসক সংকট, শয্যাস্বল্পতা, জরাজীর্ণ ভবন, টয়লেট ও ড্রেনেজ সমস্যায় ভুগছে। হাসপাতালটিতে কাগজে-কলমে ৫০ শয্যা থাকলেও বাস্তবে রয়েছে মাত্র ১৯টি। ৪১ জন চিকিৎসকের বিপরীতে কর্মরত আছেন মাত্র ১৬ জন এবং প্রতিদিন বহির্বিভাগে প্রায় ৫৫০ জন রোগী চিকিৎসা নিতে আসেন। এ ছাড়া চিকিৎসক ও কর্মচারীদের আবাসিক ভবনের বিভিন্ন স্থানে পলেস্তারা খসে পড়ছে, বৃষ্টির পানি কক্ষে ঢুকছে এবং ড্রেনেজ ব্যবস্থা অপ্রতুল।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লেলিন জানান, হাসপাতালের আবাসিক ভবনগুলোর অবস্থা অত্যন্ত জরাজীর্ণ এবং দ্রুত সমস্যার সমাধান না হলে স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হবে। অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন জানান, ৫৮টি স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়নকাজের মধ্যে মোল্লাহাটও রয়েছে এবং অবকাঠামোগত উন্নয়নে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দীর্ঘদিনের এসব সমস্যা সমাধান করে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
ডিবিসি/পিআরএএন