অপরাধ
গুম-খুনের মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে যুক্তিতর্ক আজ, সরাসরি দেখাবে বিটিভি

আওয়ামী লীগ সরকারের আমলে গুম ও হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে আজ মঙ্গলবার যুক্তিতর্ক উপস্থাপন করবে রাষ্ট্রপক্ষ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর এই কার্যক্রম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও প্রসিকিউশনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হবে।
ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি হবে। প্রসিকিউশন জানিয়েছে, বিচারকাজের স্বচ্ছতা তুলে ধরতে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক সরাসরি সম্প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে। নিরাপত্তাজনিত কারণে মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান ভার্চুয়ালি হাজিরা দেবেন।
গত ১৯ নভেম্বর রাষ্ট্রপক্ষের ১৫তম সাক্ষী ও মামলার তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের জেরা শেষ হয়। এর মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ হয়। ২২ নভেম্বর জিয়াউলের পক্ষে সাফাই সাক্ষ্য দেন আইনজীবী তাসলিমা জাহান পপি। এ সময় তিনি মামলাসংক্রান্ত কিছু নথি ও ভিডিও উপস্থাপন করেন।
জিয়াউলের বিরুদ্ধে তিনটি অভিযোগ এনেছে প্রসিকিউশন। প্রথম অভিযোগ অনুযায়ী, ২০১১ সালের ১১ জুলাই রাতে গাজীপুরের পুবাইলে সড়কের পাশে তাঁর উপস্থিতিতে সজলসহ তিনজনকে হত্যা করা হয়। দ্বিতীয় অভিযোগে বলা হয়েছে, ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে বরগুনার পাথরঘাটায় চরদুয়ানী খালসংলগ্ন বলেশ্বর নদের মোহনায় নজরুল ও মল্লিকসহ ৫০ জনকে হত্যা করা হয়। প্রসিকিউশনের তৃতীয় অভিযোগ, একই সময়ে বনদস্যু দমনের আড়ালে বরগুনার বলেশ্বর নদ ও বাগেরহাটের শরণখোলায় সুন্দরবনের বিভিন্ন স্থানে মাসুদসহ আরও ৫০ জনকে হত্যা করা হয়।
২০২৫ সালের ১৭ ডিসেম্বর প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলে সেদিনই তিনটি অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। ওই বছরের ২৩ ডিসেম্বর এ মামলায় জিয়াউলকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল।
ডিবিসি/আরএসএল