সারা বাংলা
কুমিল্লায় ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে ১৮১ জন আটক

কুমিল্লায় জেলা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৩০ জনসহ মোট ১৮১ জনকে আটক করা হয়েছে। প্রাথমিক যাচাই-বাছাই শেষে তাদের মধ্যে ১২১ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বাকি ৬০ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও বিভিন্ন থানা পুলিশের সমন্বয়ে জেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়। পুলিশ জানায়, কিশোর গ্যাং, মাদক কারবারি, মাদকসেবী, ছিনতাইকারী এবং নিষিদ্ধ সংগঠনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের লক্ষ্য করে এ অভিযান চালানো হয়েছে।
কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন: ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। কিশোর গ্যাং, মাদক ও ছিনতাইসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।’
তিনি আরও জানান, বিপথগামী কিশোরদের আইনের আওতায় আনার পাশাপাশি সংশোধনের মাধ্যমে পড়াশোনা ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনাও পুলিশের লক্ষ্য। অভিযানের নামে কোনো নিরীহ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়ে নজরদারি করা হচ্ছে এবং প্রতিটি অভিযান আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সচেতন নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।
ডিবিসি/এমএনকে