সারা বাংলা
নড়াইলে নারী নির্যাতন মামলায় বরখাস্ত শিক্ষক এবার ইয়াবাসহ গ্রেপ্তার

নড়াইল শহরের মহিষখোলা এলাকা থেকে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাময়িক বরখাস্তকৃত এক শিক্ষককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম সোহেল নাদীম শিমু (৪০)।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএনসি নড়াইল জেলা কার্যালয়ের উপপরিচালক গোলক মজুমদার।
ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল ৮টার দিকে ডিএনসির পরিদর্শক আব্দুল মান্নানের নেতৃত্বে একটি দল নড়াইল শহরের মহিষখোলা এলাকার একটি বাসাবাড়িতে অভিযান চালায়। অভিযানকালে সোহেল নাদীম শিমুর দেহ ও বসতঘর তল্লাশি করা হয়। এ সময় তার পরিহিত প্যান্টের বাম পকেট থেকে ২৫ পিস এবং বসতঘরের ড্রেসিং টেবিলের নিচের তাক থেকে দুই প্যাকেটে ৫০ পিসসহ মোট ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিমু জানিয়েছেন, তিনি নড়াইল সদর উপজেলার বোড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। নারী নির্যাতনসংক্রান্ত একটি মামলায় গত ৫ মে থেকে তিনি চাকরি থেকে সাময়িক বরখাস্ত অবস্থায় রয়েছেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নড়াইল সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ডিবিসি/এমএনকে