আন্তর্জাতিক, এশিয়া
পাকিস্তানি নভোচারীকে নিয়ে মহাকাশে যাচ্ছে চীনের শেনঝৌ-২৪

চীনের তিয়ানগং মহাকাশ স্টেশনে প্রথম বিদেশি নভোচারী হিসেবে পা রাখতে যাচ্ছেন পাকিস্তানের সাবেক বিমানবাহিনীর পাইলট মুহাম্মদ জিশান আলী। মঙ্গলবার শেনঝৌ-২৪ অভিযানের তিন সদস্যের নাম ঘোষণা করেছে চীনের মানববাহী মহাকাশ সংস্থা। বুধবার সকালে উত্তর-পশ্চিম চীনের জিউচুয়ান উৎক্ষেপণকেন্দ্র থেকে তাদের যাত্রা শুরুর কথা।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, ৪০ বছর বয়সী আলীর দুই সহযাত্রী চীনা নভোচারী তাং হোংবো (৫১) ও উ ই (৩৯)। আলী ও উর জন্য এটিই হবে প্রথম মহাকাশযাত্রা। তাং এর আগে দুবার মহাকাশে গেছেন। এবার তিনিই হবেন তিয়ানগংয়ে তিনবার যাওয়া প্রথম নভোচারী।
চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, স্বল্পমেয়াদি এ অভিযানে বৈজ্ঞানিক পরীক্ষা পরিচালনার দায়িত্বে থাকবেন আলী। স্টেশনের দৈনন্দিন কাজের পাশাপাশি তিনি জীবপ্রযুক্তি ও পদার্থবিজ্ঞান-সংশ্লিষ্ট চারটি যৌথ গবেষণা প্রকল্পে কাজ করবেন। এর একটিতে কক্ষপথে সালোকসংশ্লেষী অণুজীব নিয়ে পরীক্ষা চালাবেন তিনি। কাজ শেষে শেনঝৌ-২৩ মহাকাশযানে তার পৃথিবীতে ফেরার কথা।
মঙ্গলবার সংবাদ সম্মেলনে তাং জানান, মহাকাশযান ও স্টেশনের সব লেবেল এবং পরিচালনার নির্দেশনা চীনা ভাষায় লেখা। প্রশিক্ষণ শুরুর সময় আলী চীনা ভাষা প্রায় জানতেনই না। একসঙ্গে কাজের প্রস্তুতি নিতে তাং ও উ নিজেও ইংরেজি শেখায় জোর দিয়েছেন।
২০২৫ সালের ফেব্রুয়ারিতে চীন ও পাকিস্তানের মধ্যে সই হওয়া চুক্তির আওতায় এ অভিযানের আয়োজন। আলী আশা করেন, দুই দেশের সহযোগিতা একদিন চাঁদ ও মঙ্গল পর্যন্ত বিস্তৃত হবে। শিশুদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি যখন কক্ষপথে থাকব, আকাশের দিকে তাকিয়ে মনে রেখো, তোমাদের স্বপ্ন নিয়েই আমি সেখানে আছি।’
সূত্র: এপি
ডিবিসি/এসএফএল