সারা বাংলা
রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের অষ্টম চালান

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য রাশিয়া থেকে আমদানি করা পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের অষ্টম চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর ৫টা ৪৮ মিনিটে বাংলাদেশ সেনাবাহিনীর কঠোর নিরাপত্তাবলয়ের মধ্য দিয়ে তিনটি বিশেষায়িত লরিতে করে জ্বালানির এই চালানটি প্রকল্প এলাকায় প্রবেশ করে। এ নিয়ে দেশের প্রথম এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির জন্য মোট আটটি চালান দেশে পৌঁছাল।
প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, জ্বালানি সরবরাহের নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী মোট নয়টি চালানে পারমাণবিক জ্বালানি দেশে আনার কথা রয়েছে। এখন পর্যন্ত আসা আটটি চালানের মধ্যে বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত একটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি চালান আনা হয়েছে।
এদিকে, জ্বালানি পৌঁছানোর পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনেও গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে গত ১৭ নভেম্বর পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। ওই দিন কেন্দ্রটি থেকে সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছিল। এরই ধারাবাহিকতায় সোমবার (২৩ নভেম্বর) দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করেছে কেন্দ্রটি।
উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটে ১ হাজার ২০০ মেগাওয়াট করে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে।
ডিবিসি/এমএনকে