ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, অন্যান্য

২০২৫ সালে সঙ্গী বা স্বজনের হাতে ঘণ্টায় ৫ জন নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ

২০২৫ সালে সঙ্গী বা স্বজনের হাতে ঘণ্টায় ৫ জন নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ

আন্তর্জাতিক, অন্যান্য

২০২৫ সালে সঙ্গী বা স্বজনের হাতে ঘণ্টায় ৫ জন নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

বিশ্বে ২০২৫ সালে অন্তরঙ্গ সঙ্গী বা পরিবারের কোনো সদস্যের হাতে নিহত হয়েছেন আনুমানিক ৪৭ হাজার নারী ও কন্যাশিশু। অর্থাৎ প্রতিদিন গড়ে ১২৯ জন, ঘণ্টায় প্রায় পাঁচজন। জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (ইউএনওডিসি) এবং ইউএন উইমেনের মঙ্গলবার প্রকাশিত যৌথ প্রতিবেদনে এ হিসাব উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত বছর বিশ্বে হত্যার শিকার হয়েছেন মোট ৭৮ হাজার নারী ও কন্যাশিশু। তাদের প্রায় ৬০ শতাংশকে হত্যা করেছেন সঙ্গী বা পরিবারের কেউ। অঞ্চলভেদে এ ধরনের হত্যার হার সবচেয়ে বেশি আফ্রিকায়। সেখানে প্রতি লাখ নারী ও কন্যাশিশুর মধ্যে ২ দশমিক ৯ জন এভাবে প্রাণ হারিয়েছেন। উত্তর ও দক্ষিণ আমেরিকা মিলিয়ে এ হার ১ দশমিক ৪, ওশেনিয়ায় ১ দশমিক ১, এশিয়ায় শূন্য দশমিক ৬ এবং ইউরোপে শূন্য দশমিক ৫।


২০২৪ সালে সঙ্গী বা স্বজনের হাতে নিহত নারী ও কন্যাশিশুর সংখ্যা ধরা হয়েছিল প্রায় ৫০ হাজার। জাতিসংঘ জানিয়েছে, বিভিন্ন দেশ থেকে আগের চেয়ে বেশি তথ্য পাওয়াই দুই বছরের হিসাবের পার্থক্যের প্রধান কারণ। ফলে এবারের কম সংখ্যা থেকে হত্যাকাণ্ড কমেছে বলে সিদ্ধান্ত টানা যায় না।


প্রতিবেদনে বলা হয়েছে, অনেক ক্ষেত্রে হত্যার আগে দীর্ঘদিন ধরে নির্যাতন ও হুমকি চলে। ইউএন উইমেনের নির্বাহী পরিচালক সিমা বাহাউস বলেছেন, নারীরা যেন নিরাপদে অভিযোগ জানাতে পারেন এবং সময়মতো সুরক্ষা ও সহায়তা পান, তা নিশ্চিত করতে হবে।


২৫ নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ১২৯টি কমলা পতাকা স্থাপন করেছে ইউএন উইমেন। প্রতিটি পতাকা সঙ্গী বা স্বজনের হাতে প্রাণ হারানো একজন নারী বা কন্যাশিশুর স্মারক।


সূত্র: ইউএন উইমেন মিডিয়া


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন