ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

মেহেরপুরে ব্যাংকঋণে মাছ চাষ করে বর্জ্যের দূষণে সর্বস্বান্ত দুই চাষি

মেহেরপুরে ব্যাংকঋণে মাছ চাষ করে বর্জ্যের দূষণে সর্বস্বান্ত দুই চাষি

বাংলাদেশ, সারা বাংলা

মেহেরপুরে ব্যাংকঋণে মাছ চাষ করে বর্জ্যের দূষণে সর্বস্বান্ত দুই চাষি

মেহেরপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

মেহেরপুর সদর উপজেলার গোপালপুর ভিটিপাড়ায় মুরগির খামারের বর্জ্যে পুকুরের পানি দূষিত হয়ে প্রায় ১০ লাখ টাকার মাছ মারা গেছে। সোমবার (২৩ নভেম্বর) সকালে পুকুরে রুই, কাতলা, সিলভার কার্পসহ বিভিন্ন প্রজাতির বড় মাছ মরে ভেসে ওঠে।

ভুক্তভোগী মাছচাষি খামশেদ শেখ ও শিহাব উদ্দীন খোকন জানান, প্রায় ৯ বিঘা আয়তনের পুকুরটিতে তারা ১৫ বছর ধরে মাছ চাষ করে আসছেন। চলতি বছরও ৮ লাখ টাকায় তিন বছরের জন্য পুকুরটি লিজ নেন। ব্যাংক থেকে ঋণ নিয়ে এবং নিজেদের জমানো টাকা খরচ করে পুকুরে পোনা ছেড়েছিলেন। কিন্তু সাত মাস আগে পুকুরপাড়ে পুকুরের মালিক জাহাঙ্গীর আলম একটি ব্রয়লার মুরগির খামার গড়ে তোলেন। খামার থেকে একাধিক পাইপ সরাসরি পুকুরের দিকে নামানো হয়েছে, যা দিয়ে তরল বর্জ্য ও বিষ্ঠা পানিতে মিশছে। এর পর থেকেই মাঝেমধ্যে রাতে মাছ মারা যাচ্ছিল। সব মিলিয়ে তাদের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।


অসহায় দুই মাছচাষি বলেন, ‘আমরা এখন নিঃস্ব। ব্যাংকের ঋণ কীভাবে শোধ করব বুঝতে পারছি না।’ তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।


তবে অভিযোগ অস্বীকার করে খামার মালিক জাহাঙ্গীর আলম দাবি করেন, পুকুরে কোনো বর্জ্য ফেলা হয় না এবং মুরগির বিষ্ঠা অন্যত্র বিক্রি করে দেয়া হয়।
মেহেরপুর সদর উপজেলা মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন্নাহার আঁখি পুকুরটি পরিদর্শন করে জানান, অতিরিক্ত পানি দূষণের কারণেই মাছ মারা গেছে। পুকুরপাড়ে মুরগির খামার তৈরি ও পুকুরে খামারের বিষ্ঠা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।


এ বিষয়ে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, ‘অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন