বাংলাদেশ, সারা বাংলা
গোপালগঞ্জে মুরগি বোঝাই পিকআপের চাপায় স্কুলশিক্ষার্থী নিহত, পিকআপ আটক

গোপালগঞ্জে মুরগি বোঝাই পিকআপের চাপায় শিবা বিশ্বাস (১৪) নামে এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষার্থী মারা যায়। এর আগে সকাল ১০টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। সদর উপজেলার সাতপাড় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কৌশিক কীর্তনীয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত স্কুলছাত্র শিবা বিশ্বাস গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় পশ্চিমপাড়া গ্রামের ধীমান বিশ্বাসের ছেলে। সে টুঠামান্দ্রা হাই স্কুলের ৮ম শ্রেণির শিক্ষার্থী।
ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান কৌশিক কীর্তনীয়া জানান, সকালে শিবা একটি মোটরসাইকেলে করে পাটকেলবাড়ির লিংক রোড থেকে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কে উঠছিল। এ সময় টেকেরহাট থেকে ছেড়ে আসা খুলনাগামী মুরগি বোঝাই একটি পিকআপ মোটরসাইকেলটিকে চাপা দিলে শিবার শরীর থেকে পা বিচ্ছিন্ন হয়ে মারাত্মক আহত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও পরে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় ঘাতক পিকআপটিকে আটক করেছে স্থানীয়রা।
ডিবিসি/এসভিএন