ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের আয়োজনে প্যারিসে পালিত হয়েছে ৫৫তম সশস্ত্র বাহিনী দিবস

যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের আয়োজনে প্যারিসে পালিত হয়েছে ৫৫তম সশস্ত্র বাহিনী দিবস

আন্তর্জাতিক

যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের আয়োজনে প্যারিসে পালিত হয়েছে ৫৫তম সশস্ত্র বাহিনী দিবস

ফ্রান্স প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের আয়োজনে প্যারিসে উদযাপিত হয়েছে বাংলাদেশের ৫৫তম সশস্ত্র বাহিনী দিবস।

সোমবার (২৩ নভেম্বর) প্যারিসের ১৬তম সিটি কাউন্সিলের একটি অভিজাত হলে আয়োজিত এ অনুষ্ঠানে ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, প্রতিরক্ষা উপদেষ্টা, ফরাসি প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও প্রতিরক্ষা উপদেষ্টাসহ সামরিক ও কূটনৈতিক প্রতিনিধিবৃন্দ, বাংলাদেশ দূতাবাসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।


রাষ্ট্রদূত খন্দকার এম তালহা ও প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খায়রুজ্জামান মোল্লা আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান। পরে বাংলাদেশ ও ফ্রান্সের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম।


শুরুতে প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খায়রুজ্জামান মোল্লা তার স্বাগত বক্তব্যে সশস্ত্র বাহিনী দিবসের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। তিনি বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ধারাবাহিক উন্নয়ন, আধুনিকায়ন এবং দেশ-বিদেশে তাদের বিভিন্ন কার্যক্রমের ওপর আলোকপাত করেন।


রাষ্ট্রদূত খন্দকার এম তালহা মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি ১৯৭১ সালের ২১ নভেম্বরকে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে একটি বিশেষ গৌরবোজ্জ্বল দিন হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের অবদান, সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকা এবং বর্তমান সময়ে বাহিনীর উন্নয়ন ও আধুনিকায়নের বিভিন্ন দিক তুলে ধরেন। রাষ্ট্রদূত তার বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ফরাসি লেখক, দার্শনিক ও রাজনীতিবিদ আঁদ্রে মালরোর অবদানের কথাও স্মরণ করেন। এছাড়া তিনি বাংলাদেশের সশস্ত্র বাহিনীর আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে অবদান এবং বাংলাদেশ ও ফ্রান্সসহ বন্ধুপ্রতিম দেশগুলোর সশস্ত্র বাহিনীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন।


অনুষ্ঠানে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ, স্বাধীনতা-পরবর্তী সময়ে বাহিনীর গঠন ও উন্নয়ন এবং জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরে একটি তথ্যবহুল ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। পাশাপাশি আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ে তোলার লক্ষ্যে চলমান আধুনিকায়ন কার্যক্রম এবং শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি ও স্টেম (STEM) শিক্ষায় বাহিনীর অবদানও তুলে ধরা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতার ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।


বাংলাদেশি ঐতিহ্যবাহী খাবারে অতিথি আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন