ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

চলন্ত ট্রেন থেকে ফেলে যুবককে হত্যা, নাটোরে আটক ৪

চলন্ত ট্রেন থেকে ফেলে যুবককে হত্যা, নাটোরে আটক ৪

বাংলাদেশ, সারা বাংলা

চলন্ত ট্রেন থেকে ফেলে যুবককে হত্যা, নাটোরে আটক ৪

নাটোর প্রতিনিধি

ডিবিসি নিউজ

১৬ মিনিট আগে

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ট্রেনে রাজশাহীর উদ্দেশে রওনা হয়েছিলেন পাবনার মনোয়ারুল ইসলাম ওরফে মনোয়ার (২৭)। কিন্তু বাড়ি ফেরা হলো না তার। অভিযোগ উঠেছে, গাজীপুরের কোনাবাড়ী এলাকায় চলন্ত ট্রেনের ছাদে একদল ছিনতাইকারী তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তাকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে ওই এলাকায় তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নাটোরের আব্দুলপুর রেলওয়ে স্টেশন থেকে চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে স্থানীয় লোকজনের সহায়তায় আব্দুলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের কনস্টেবল আব্দুস সালাম তাদের আটক করেন।


আটক ব্যক্তিরা হলেন- কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর গ্রামের আকাশ (২৩), গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ মোরদহ গ্রামের আব্দুর রহিম (৩০), ময়মনসিংহের হালুয়াঘাট এলাকার রাব্বি ওরফে হৃদয় এবং নারায়ণগঞ্জের পাহাড়িয়া এলাকার লিজা খাতুন (১৬)।


পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে আব্দুলপুর রেলওয়ে স্টেশনে চা খেতে যান পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত কনস্টেবল আব্দুস সালাম। এ সময় স্টেশনে চারজনের সন্দেহজনক চলাফেরা দেখে স্থানীয় লোকজন তাদের জিজ্ঞাসাবাদ করেন। সন্তোষজনক জবাব দিতে না পারায় কনস্টেবল আব্দুস সালাম স্থানীয়দের সহায়তায় তাদের কৌশলে আব্দুলপুর পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে যান।


পরে আটক আকাশের কাছে একটি মোবাইল ফোন পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে তিনি মোবাইলটি চোরাই বলে স্বীকার করেন এবং মনোয়ারুল ইসলামের কাছ থেকে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় চলন্ত ট্রেনের ছাদে মোবাইল ছিনিয়ে নিয়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়ার কথা জানান বলে পুলিশ সূত্রে জানা গেছে।


পরবর্তী সময়ে মোবাইল ফোনে সংরক্ষিত নম্বরের সূত্র ধরে আব্দুলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই মোহাম্মদ তাহের আলী মনোয়ারের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়ে তার বাবা মো. নওশের পাবনা থেকে আব্দুলপুরে এসে মোবাইল ফোনটি তার ছেলের বলে শনাক্ত করেন।


এরই মধ্যে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় একটি মরদেহ উদ্ধারের খবর পাওয়া যায়। নিহতের মরদেহটি মনোয়ারুল ইসলামের কি না, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট রেলওয়ে পুলিশের মাধ্যমে প্রয়োজনীয় যাচাই-বাছাইয়ের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।


এ ঘটনায় ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। পাশাপাশি কোনাবাড়ী রেলওয়ে পুলিশের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। আটক চারজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, স্থানীয় জনগণের সহযোগিতা এবং কনস্টেবল আব্দুস সালামের তৎপরতায় মোবাইল ফোনের সূত্র ধরে এ ঘটনার রহস্য উদ্‌ঘাটনে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন