বাংলাদেশ, সারা বাংলা
জয়পুরহাটে ১২ কৃষকের ১০ বিঘা জমির শিমগাছ কেটে দিল দুর্বৃত্তরা

জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়নের সতিঘাটা গ্রামে রাতের আঁধারে ১২ জন কৃষকের প্রায় ১০ বিঘা জমির শিমগাছের গোড়া কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা, নষ্ট হয়ে গেছে প্রায় ১৫ লাখ টাকার শিম বিক্রির স্বপ্ন।
ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, ঋণ ও ধারদেনা করে উন্নত জাতের হাইব্রিড শিমের বীজ সংগ্রহ করে আগাম চাষ করেছিলেন তারা। দীর্ঘদিন ধরে শ্রম ও অর্থ ব্যয় করে খেতের পরিচর্যা চালিয়ে আসছিলেন। এরই মধ্যে গাছে ফলনও আসতে শুরু করেছিল। আর মাত্র দুই সপ্তাহ পর এসব শিম বাজারে বিক্রির কথা ছিল। কিন্তু রাতে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে খেতের শিমগাছগুলোর গোড়া কেটে দেয়। সকালে জমিতে গিয়ে কাটা গাছ ও বিনষ্ট ফসল দেখে কান্নায় ভেঙে পড়েন কৃষকরা। মুহূর্তেই শেষ হয়ে যায় তাদের দীর্ঘদিনের পরিশ্রম ও সঞ্চয়।
জয়পুরহাট সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাফসিয়া জাহান বলেন, ‘এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ও কারিগরি ব্যবস্থাসহ ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানো হবে।’
ডিবিসি/এসভিএন