বাংলাদেশ, সারা বাংলা
মানিকগঞ্জে কৃষিজমির মাটি কাটায় ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা

মানিকগঞ্জের সিংগাইরে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে এম এম ব্রিকস নামের একটি ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে উপজেলার বলধারা ইউনিয়নের মানিকদহ এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমীন কবির।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭(ক) ধারা লঙ্ঘনের দায়ে ইটভাটাটিকে এ জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমীন কবির বলেন, ‘কৃষিজমি রক্ষা ও জনস্বার্থে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’
ডিবিসি/এসভিএন