ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

অনুমতি ছাড়াই আপত্তিকর ছবি তৈরির অভিযোগে মাস্কের প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

অনুমতি ছাড়াই আপত্তিকর ছবি তৈরির অভিযোগে মাস্কের প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক

অনুমতি ছাড়াই আপত্তিকর ছবি তৈরির অভিযোগে মাস্কের প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ‘গ্রোক’ ব্যবহার করে শিশু যৌন নিপীড়নের উপাদান এবং অনুমতি ছাড়াই মানুষের আপত্তিকর যৌন ছবি তৈরির অভিযোগে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স সুপার ইন্টেলিজেন্স করপোরেশনের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া ও ওরেগন অঙ্গরাজ্য।

সোমবার (২৩ নভেম্বর) অঙ্গরাজ্য দুটির আদালতে এই মামলা দায়ের করা হয়। এর আগে কয়েকটি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল এ বিষয়ে তদন্ত শুরু করলেও ভার্জিনিয়া ও ওরেগনই প্রথম সরাসরি মামলা করল।


বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মামলায় অভিযোগ করা হয়- গ্রোকের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গ্রাহকদের বিভ্রান্ত করেছে স্পেসএক্স। প্রতিষ্ঠানটি গ্রোকের ‘স্পাইসি মোড’ প্রচার করার সময় পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা রাখেনি। এই ফিচার ব্যবহার করে যেকোনো ব্যক্তির সাধারণ ছবি থেকে নগ্ন বা যৌন ছবি ও ভিডিও তৈরি করা যায়। ভার্জিনিয়া ও ওরেগন তাদের ভোক্তা সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে স্পেসএক্সের কাছে ক্ষতিপূরণ, জরিমানা এবং এই কার্যক্রম বন্ধে আদালতের নির্দেশ চেয়েছে।


মামলার বিষয়ে স্পেসএক্স তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। তবে সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক বিবৃতিতে প্রতিষ্ঠানটির নিরাপত্তা দল জানিয়েছে, এ ধরনের ছবি তৈরির নির্দেশনা আটকাতে তারা পদক্ষেপ নিয়েছে এবং যারা প্ল্যাটফর্মটির অপব্যবহার করছে তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কাজ করছে।


বিবৃতিতে বলা হয়, ‘যারা গ্রোক ইম্যাজিন ব্যবহার করে এ ধরনের কনটেন্ট তৈরির চেষ্টা করেছেন, তারা ইচ্ছাকৃতভাবে আমাদের পরিষেবার শর্তাবলি লঙ্ঘন করেছেন এবং আমাদের সুরক্ষা ব্যবস্থা এড়িয়ে যাওয়ার জন্য মরিয়া হয়ে কাজ করেছেন।’


ভার্জিনিয়ার মামলায় ‘সেন্টার ফর কাউন্টারিং ডিজিটাল হেট’-এর একটি গবেষণার তথ্য উল্লেখ করে বলা হয়েছে, ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জানুয়ারির মধ্যে গ্রোকের মাধ্যমে এক্স-এ লাখ লাখ যৌন ছবি তৈরি ও পোস্ট করা হয়েছে, যার মধ্যে ২০ হাজারের বেশি ছবিতে শিশুদের দেখানো হয়েছে। ভার্জিনিয়ার অ্যাটর্নি জেনারেলের দপ্তরের তদন্তকারীরা দেখতে পেয়েছেন, গ্রোকের ছবি নিয়ন্ত্রণ ব্যবস্থা দুর্বল ছিল এবং কীভাবে নির্দিষ্ট শব্দ এড়িয়ে এই সুরক্ষা ব্যবস্থা ফাঁকি দেয়া যায়, বটটি নিজেই ব্যবহারকারীদের সেই পরামর্শ দিত। জানুয়ারি থেকে গ্রোক এই ছবি তৈরির সুবিধাটি শুধু অর্থ পরিশোধকারী গ্রাহকদের জন্য সীমাবদ্ধ করে। মামলার অভিযোগ অনুযায়ী, এতে ছবি তৈরি বন্ধ হয়নি, বরং প্রতিষ্ঠানটি এর মাধ্যমে আর্থিকভাবে লাভবান হয়েছে।


মামলা দায়েরের আগে রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে ভার্জিনিয়ার অ্যাটর্নি জেনারেল জে জোনস বলেন, ‘কেন্দ্রীয় সরকারের পদক্ষেপের অভাবে অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলরাই এই শূন্যস্থান পূরণে এগিয়ে এসেছেন।’


গ্রোকের মাধ্যমে অনুমতি ছাড়াই প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্কদের যৌন ছবি তৈরির অভিযোগে স্পেসএক্সের বিরুদ্ধে ইতিমধ্যে ডজনেরও বেশি ব্যক্তিগত মামলা হয়েছে। যুক্তরাজ্যের আইনপ্রণেতা জেস আসাটোও প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করেছেন। অবশ্য স্পেসএক্স দাবি করেছে, কাল্পনিক এআই ছবি কারও গোপনীয়তার অধিকার লঙ্ঘন করে না। অন্যদিকে, গ্রোকের অপব্যবহার করে শিশু যৌন নিপীড়নের ছবি তৈরির অভিযোগে যুক্তরাষ্ট্রে অন্তত দুজনের বিরুদ্ধে পাল্টা মামলা করেছে স্পেসএক্স।

 

সূত্র: রয়টার্স


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন