বাংলাদেশ, সারা বাংলা
ময়মনসিংহে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, গণপিটুনির পর আটক অভিযুক্ত যুবক

ময়মনসিংহের গৌরীপুরে শাহীন মিয়া (১৭) নামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দেলোয়ার হোসেন দিলু (৩০) নামে এক যুবককে আটক করে গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বলুহা গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত শাহীন মিয়া ওই গ্রামের সিরাজুল ইসলাম জিন্নাতের ছেলে। আটক দেলোয়ার হোসেন দিলু একই গ্রামের আব্দুল্লাহ মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী মাজেদা জানান, শাহীন গাছ থেকে সুপারি পেড়ে বাড়ির সামনে আসার সময় দক্ষিণ দিক থেকে দেলোয়ার এসে লোহার রড দিয়ে তাকে মারধর শুরু করেন। এ সময় শাহীন চিৎকার করলে দেলোয়ার ধারালো ছুরি দিয়ে তার বুকে আঘাত করেন। এতে শাহীনের বুক থেকে প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। পরে তিনি নিজের ওড়না দিয়ে শাহীনের ক্ষতস্থান বেঁধে চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে দেলোয়ারকে ধাওয়া করেন। তবে এর আগেই ঘটনাস্থলে শাহীনের মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দা আনিছুল হক জানান, শাহীনের চিৎকার শুনে এগিয়ে গেলে দেলোয়ার হাতে ছুরি নিয়ে তাকেও তাড়া করেন। প্রাণভয়ে তিনি নিজের বাড়িতে গিয়ে আশ্রয় নেন।
স্থানীয় আরেক বাসিন্দা ফারুক আহমেদ অভিযোগ করেন, দেলোয়ার দীর্ঘদিন ধরে অস্বাভাবিক আচরণ করতেন এবং সবসময় তার কাছে ধারালো অস্ত্র থাকত। বিষয়টি তার পরিবারকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি বলে দাবি করেন তিনি।
এদিকে কিশোরকে হত্যার পর স্থানীয় লোকজন দেলোয়ারকে আটক করে গণপিটুনি দেন। পরে খবর পেয়ে গৌরীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়।
পুলিশ জানায়, কী কারণে শাহীনকে ছুরিকাঘাত করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে পূর্ববিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। গণপিটুনির শিকার হয়ে দেলোয়ার মানসিকভাবে বিপর্যস্ত থাকায় তাকে এখনো জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, এ ঘটনায় অভিযুক্ত দেলোয়ার হোসেন দিলুকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ পাওয়ার পর এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
ডিবিসি/এসভিএন