বাংলাদেশ, সারা বাংলা
নরসিংদীতে বাড়ি থেকে বাজারে যাওয়ার সময় দুর্বৃত্তের গুলিতে কাঠুরিয়ার মৃত্যু

নরসিংদীর শিবপুরে দুর্বৃত্তের গুলিতে আলম মিয়া নামে এক কাঠুরিয়ার মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বাঘাব ইউনিয়নের বংপুর গ্রামে রহিজ মেম্বারের বাড়ির পাশে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত আলম মিয়া বংপুর গ্রামের মৃত আফসার উদ্দিন ভূঁইয়ার ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, সন্ধ্যায় আলম বাড়ি থেকে বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হন। প্রতিবেশী রহিজ মেম্বারের বাড়ির পাশে গেলে কে বা কারা তাকে ঘাড়ে গুলি করে পালিয়ে যায়। গুলির শব্দ শুনে আশপাশের মানুষ ছুটে এসে রক্তাক্ত অবস্থায় আলমের মরদেহ পড়ে থাকতে দেখেন।
খবর পেয়ে শিবপুর থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। নিহতের স্ত্রীর অভিযোগ, প্রতিবেশী মন্তু মিয়ার ছেলে অনিক মিয়ার সঙ্গে গতকাল তার ঝগড়া হয়। পরে অনিক তাকে হত্যার হুমকি দেয়। এ ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আশিকুর রহমান জানান, হত্যার রহস্য উদ্ঘাটনসহ হত্যাকারীকে গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।
ডিবিসি/এসভিএন