বাংলাদেশ, সারা বাংলা
পিরোজপুরে ট্রলির সঙ্গে সংঘর্ষে নিহত ৩ বাইক আরোহীর দাফন-সৎকার সম্পন্ন

পিরোজপুরের বেকুটিয়া সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত তিনজনের দাফন ও সৎকার সম্পন্ন হয়েছে। নিহতদের মধ্যে দুই খালাতো ভাই সাজিদুল হক সাজিদ (২৩) ও সুনান মাঝিকে (২১) নিজ নিজ বাড়িতে দাফন করা হয়েছে। অপর নিহত শান্ত রায়কে (২৩) তার গ্রামের বাড়িতে ধর্মীয় রীতি অনুযায়ী সৎকার করা হয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কাউখালী উপজেলার কেউন্দিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে সাজিদ ও সুনানের জানাজা একসঙ্গে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাদের মরদেহ নিজ নিজ বাড়িতে নিয়ে দাফন করা হয়। এর আগে একই দিন রাতে শান্ত রায়ের মরদেহ তার গ্রামের বাড়িতে নেয়া হয়। পরে ধর্মীয় রীতি অনুযায়ী তার সৎকার সম্পন্ন করা হয়।
নিহতরা হলেন- কাউখালী উপজেলার বেকুটিয়া গ্রামের শতদল রায়ের ছেলে শান্ত রায় (২৩) এবং একই উপজেলার কেউন্দিয়া গ্রামের আজমল হক বাদলের ছেলে সাজিদুল হক সাজিদ (২৩) ও তার খালাতো ভাই সুনান মাঝি (২১)।
এর আগে সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বেকুটিয়া সেতুর কাউখালী প্রান্তে মোটরসাইকেল ও একটি মালবোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা পাঁচ আরোহী আহত হন। পরে তাদের মধ্যে তিনজনের মৃত্যু হয়। আহত অপর দুজনের মধ্যে একজনকে পিরোজপুর জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়। অন্যজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনায় আহতরা হলেন- কাউখালী উপজেলার পাঙ্গাসিয়া গ্রামের হায়দার আলীর ছেলে মো. মাহফুজুর রহমান (২৫) ও সদর উপজেলার মধুর ছেলে জয় (২৬)।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুটি মোটরসাইকেলে করে পাঁচজন আরোহী কাউখালীর উদ্দেশে যাচ্ছিলেন। মোটরসাইকেল দুটি বেকুটিয়া সেতুর কাউখালী প্রান্তের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাঁচ আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসের সহায়তায় তাদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে আসেন। আহত চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়। এর মধ্যে শান্ত, সুনান ও সাজিদকে খুলনা মেডিকেলে নেয়ার পর মারা যান।
এ বিষয়ে পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ যুগল বিশ্বাস জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বেকুটিয়া ব্রিজে একটি দুর্ঘটনার খবর পান। ঘটনাস্থলে গিয়ে দুজনকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান। পরে অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাদের জেলা হাসপাতালে নিয়ে আসেন। এছাড়া আরও তিনজন গুরুতর আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শী সূত্রে তিনি জানতে পারেন।
পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নিজাম উদ্দিন জানান, সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত চারজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে প্রথমে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে বাকি দুজনের অবস্থার অবনতি হলে তাদেরও প্রাথমিক চিকিৎসা শেষে খুলনায় পাঠানো হয়।
ডিবিসি/এসভিএন