ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

তীব্র গরমে ইংল্যান্ডে মৃত্যুর নতুন রেকর্ড, প্রাণ গেল ৫ হাজারের বেশি মানুষের

তীব্র গরমে ইংল্যান্ডে মৃত্যুর নতুন রেকর্ড, প্রাণ গেল ৫ হাজারের বেশি মানুষের

আন্তর্জাতিক

তীব্র গরমে ইংল্যান্ডে মৃত্যুর নতুন রেকর্ড, প্রাণ গেল ৫ হাজারের বেশি মানুষের

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

চলতি বছরের তীব্র গরমে ইংল্যান্ডে আনুমানিক ৫ হাজার ২৫৮ জনের মৃত্যু হয়েছে। যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা (ইউকেএইচএসএ) জানিয়েছে, ২০১৬ সালে এ সংক্রান্ত তথ্য সংরক্ষণ শুরু হওয়ার পর থেকে এটিই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

যুক্তরাজ্যের আবহাওয়া দপ্তরের প্রাথমিক তথ্য অনুযায়ী, ২০২৬ সাল ছিল দেশটির ইতিহাসের উষ্ণতম গ্রীষ্ম। এ বছর গরমে মৃত্যুর সংখ্যা ২০২২ সালের আগের সর্বোচ্চ রেকর্ড ২ হাজার ৯৮৫ জনের প্রায় দ্বিগুণ। মে থেকে আগস্ট মাসের মধ্যে মোট সাত দফায় ৪১ দিন তীব্র গরম অনুভূত হয়েছে। এর মধ্যে ২১ থেকে ২৮ জুনের সময়টি ছিল সবচেয়ে প্রাণঘাতী; ওই এক সপ্তাহেই গরমে আনুমানিক ২ হাজার ৪০১ জনের মৃত্যু হয়।


এ বছরের মে মাসে তাপমাত্রা ৩৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। জুন মাসে নরফোকের লিংউডে তাপমাত্রা ওঠে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে, যা ১৯৫৭ ও ১৯৭৬ সালের রেকর্ড ভেঙে দেয়। এছাড়া আগস্টের মাঝামাঝি গ্লুচেস্টারশায়ারে তাপমাত্রা ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, যা ছিল এ বছরের উষ্ণতম দিন। তীব্র গরমের পাশাপাশি বৃষ্টির অভাবে পুরো ওয়েলস ও ইংল্যান্ডের দুই-তৃতীয়াংশের বেশি এলাকায় খরা দেখা দেয় এবং কিছু অঞ্চলে দাবানল ছড়িয়ে পড়ে।


ইউকেএইচএসএ-এর প্রধান পরিবেশগত স্বাস্থ্যবিজ্ঞানী ড. রস থম্পসন বলেন, এ গ্রীষ্মের গরম জনস্বাস্থ্যে বড় প্রভাব ফেলেছে, বিশেষ করে মে ও জুনের শুরুর দিকের তাপপ্রবাহগুলো। জলবায়ু উষ্ণ হতে থাকায় ভবিষ্যতে তীব্র গরমের সময়কাল আরও দীর্ঘ, ঘন ঘন ও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে বলেও তিনি সতর্ক করেন।


পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে স্বাস্থ্যমন্ত্রী ইভেট কুপার এ গ্রীষ্মে প্রিয়জন হারানো পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, এই পরিসংখ্যান জলবায়ু পরিবর্তনের মানবিক প্রভাবের একটি কঠোর সতর্কবার্তা এবং এ কারণেই আমি এনএইচএসকে বলেছি, আমরা শীতকালের জন্য যেভাবে গুরুত্ব দিয়ে প্রস্তুতি নিই, এখন থেকে গ্রীষ্মকালের জন্যও ঠিক সেভাবে প্রস্তুতি নিতে হবে।


এর আগে চলতি মাসের শুরুতে কপ-৩১ (COP31) জলবায়ু সম্মেলনে দেয়া এক বক্তব্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম এ গ্রীষ্মে যুক্তরাজ্যের চরম আবহাওয়ার কথা তুলে ধরে একে স্বাভাবিক নয় বলে উল্লেখ করেন।


সূত্র: বিবিসি


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন