বাংলাদেশ, সারা বাংলা
অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মধ্যরাতে উত্তাল রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট

রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাস। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ১১টার দিকে সাধারণ শিক্ষার্থী ও কলেজসহ বহিরাগত- এই দুই পক্ষের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে একটি মোটরসাইকেল। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে এক নারী শিক্ষার্থীকে হয়রানির অভিযোগে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু হামেদ মো. জাকারিয়া সাহিদের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। এ সময় তাকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দেয়া হয়। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিকেলে পদত্যাগপত্র জমা দিয়ে ক্যাম্পাস ছাড়েন ভারপ্রাপ্ত অধ্যক্ষ।
তবে রাতে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে। শিক্ষার্থীদের অভিযোগ, রাত আটটার দিকে বহিরাগত কয়েকজন বিভিন্ন স্লোগান দিয়ে ক্যাম্পাসের দিকে এগিয়ে আসেন। এ সময় ক্যাম্পাসের ভেতরে ও বাইরে অবস্থান নেয়া দুই পক্ষের মধ্যে শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া। এতে অন্তত পাঁচ শিক্ষার্থী আহত হন। ভাঙচুর করা হয় একটি মোটরসাইকেল।
শিক্ষার্থীদের দাবি, ভারপ্রাপ্ত অধ্যক্ষ ক্যাম্পাস ছাড়ার পর তার উসকানিতেই বহিরাগতরা তাদের ওপর হামলা চালিয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। রাত সাড়ে ১১টা পর্যন্ত ক্যাম্পাস এলাকায় উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে অবস্থান করছেন। অন্যদিকে, ক্যাম্পাসের বাইরে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ) মাহফুজার রহমান জানান, সন্ধ্যার পর পলিটেকনিক ক্যাম্পাসের পরিস্থিতি একটু উত্তপ্ত হয়ে ওঠে। ছাত্রদের দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার মতো ঘটনা ঘটে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ক্যাম্পাসে আর যাতে পরিস্থিতি খারাপ করতে না পারে সেজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ডিবিসি/এসভিএন