আন্তর্জাতিক
জেনসেন হুয়াং ফেরার পরপরই এনভিডিয়া থেকে ১৫ মিলিয়ন ডলার আয় ট্রাম্পের

মার্কিন চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে জেনসেন হুয়াং ফিরে আসার পর প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ব্যাপকভাবে বেড়েছে। এতে নিজের থাকা এনভিডিয়ার শেয়ার থেকে প্রায় দেড় কোটি ডলার মুনাফা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
১৯৯৩ সালে এনভিডিয়া সহ-প্রতিষ্ঠা করা জেনসেন হুয়াংকে সম্প্রতি প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ সরিয়ে দিয়েছিল। সন্দেহভাজন এক চীনা গুপ্তচর এবং প্রতিষ্ঠানের দুই কর্মীর সঙ্গে তার অনৈতিক সম্পর্কের অভিযোগ উঠেছিল। তবে ট্রাম্পের সরাসরি হস্তক্ষেপে পর্ষদ তাকে আবারও পদে ফিরিয়ে আনে। সোমবার (২৩ নভেম্বর) সিএনবিসিকে ট্রাম্প বলেন, ‘আমি তাদের সঙ্গে কথা বলেছি, ব্যাপারটা এভাবেই বলি। আমিই তাদের রাজি করিয়েছি, এই সমঝোতাটা আমারই করা।’
সরকারি নথিপত্রের বরাত দিয়ে ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত হিসাব অনুযায়ী ট্রাম্পের কাছে এনভিডিয়ার সর্বোচ্চ ৩ লাখ ৭০ হাজার শেয়ার থাকতে পারে। সোমবার এনভিডিয়ার শেয়ারের দাম ৩১ দশমিক ৫ শতাংশ বেড়ে যাওয়ায় প্রতিষ্ঠানটির বাজারমূল্য প্রায় ৯৫০ বিলিয়ন ডলার বেড়েছে। এদিন ক্যালিফোর্নিয়ার সদর দপ্তরে ফিরলে কর্মীরা ‘জেনসেন, জেনসেন, জেনসেন’ স্লোগান দিয়ে তাকে উষ্ণ সংবর্ধনা দেন।
বিবিসির এক পর্যালোচনায় দেখা গেছে, গত দুই বছরে ট্রাম্প ২ কোটি ৩০ লাখ থেকে ৮ কোটি ৬০ লাখ ডলার মূল্যের এনভিডিয়ার শেয়ার কিনেছেন। প্রেসিডেন্ট হিসেবে পুনরায় দায়িত্ব নেয়ার পর কিছু শেয়ার বিক্রি করেও তিনি ৩৫ লাখ থেকে ১ কোটি ২ লাখ ডলার পর্যন্ত লাভ করেছেন।
হুয়াংয়ের ফিরে আসার খবরে মঙ্গলবার তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, জাপান ও অস্ট্রেলিয়ার শেয়ারবাজারে বড় ধরনের চাঙাভাব দেখা যায়। তবে এদিন লেনদেনের শুরুতে যুক্তরাষ্ট্রের বাজারে এনভিডিয়ার শেয়ার ৬ শতাংশ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের শেয়ার ৮ দশমিক ৩ শতাংশ কমেছে।
এদিকে, ট্রাম্পের এই মুনাফা ও পর্ষদে হস্তক্ষেপ নিয়ে সমালোচনা শুরু হয়েছে। ডেমোক্র্যাট সিনেটর রুবেন গালেগো সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, ‘এই ঘোষণার আগে কে কী শেয়ার কিনেছে বা বেচেছে, তা তদন্ত করে দেখা দরকার। ইতিহাসের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত হোয়াইট হাউস এটি।’ আরেক পোস্টে তিনি লেখেন, ‘ট্রাম্প হয়তো এআই বাজারের এই বুদবুদ ফেটে যাওয়ার প্রক্রিয়া শুরু করে দিলেন।’
অন্যদিকে, হুয়াংয়ের প্রত্যাবর্তনে এআই খাতে তাৎক্ষণিক ধসের শঙ্কা কমে আসায় মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ আগামী মাসে সুদের হার বাড়াতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদেরা। ডয়চে ব্যাংকের জিম রিড বলেন, ‘এআই খাতে মন্দার ভয় কেটে যাওয়ায় আগামী মাসগুলোতে ফেডারেল রিজার্ভের আরও কঠোর নীতি নেয়ার বিষয়টি আবারও বাজারের হিসাবে চলে এসেছে। তাই ডিসেম্বরের বৈঠকে সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়বে বলেই বাজার পুরোপুরি ধরে নিয়েছে।’
সূত্র: দ্য গার্ডিয়ান
ডিবিসি/এসভিএন