ডিবিসি নিউজdbcnews.tv

বাণিজ্য

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ

বাণিজ্য

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে দীর্ঘ আলোচনায় ঐকমত্য না হওয়ায় শেষ পর্যন্ত গোপন ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছে নিম্নতম মজুরি বোর্ড।

আজ বুধবার (২৫ নভেম্বর) বোর্ডের চতুর্থ সভায় সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোটে সর্বনিম্ন বা চতুর্থ গ্রেডের শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব গৃহীত হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন এই মজুরি কাঠামো কার্যকর হবে এবং শ্রমিকরা আগামী জানুয়ারি মাসে ডিসেম্বর মাসের বেতনের সঙ্গে বর্ধিত এই মজুরি পাবেন।

 

আজ ভোরের এক ব্রিফিংয়ে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী এই সিদ্ধান্তের কথা জানান। তিনি উল্লেখ করেন, চারটি গ্রেডের মধ্যে প্রথম তিনটি গ্রেডের মজুরি মালিক ও শ্রমিকপক্ষের সর্বসম্মতিক্রমে নির্ধারিত হয়েছে। তবে সর্বনিম্ন গ্রেডের মজুরি নিয়ে দুই পক্ষ একমত হতে না পারায় ‘বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫’-এর ১২৯(২) বিধি অনুসরণ করে গোপন ভোটাভুটির আশ্রয় নেওয়া হয়। বৈঠকে শ্রমিকপক্ষের সর্বশেষ সংশোধিত প্রস্তাব ছিল ১৮ হাজার টাকা এবং মালিকপক্ষের প্রস্তাব ছিল ১৬ হাজার টাকা। ভোটাভুটিতে বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন মধ্যবর্তী অঙ্ক হিসেবে ১৭ হাজার টাকার পক্ষে এবং শ্রমিকপক্ষের দুজন প্রতিনিধি ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। ফলে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে চতুর্থ গ্রেডের মজুরি ১৭ হাজার টাকা চূড়ান্ত হয়।

 

নতুন ঘোষিত কাঠামো অনুযায়ী, সর্বোচ্চ গ্রেড অর্থাৎ গ্রেড-১ এ মাসিক মজুরি ২১ হাজার ৫০০ টাকা, গ্রেড-২ এ ২০ হাজার টাকা, গ্রেড-৩ এ ১৯ হাজার ২০০ টাকা এবং সর্বনিম্ন গ্রেড-৪ এ ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। বোর্ড চেয়ারম্যান আরও জানান, পুরোনো বেতন কাঠামোর সঙ্গে নতুন মজুরি সমন্বয়ের ক্ষেত্রে ন্যূনতম ২ হাজার টাকা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে যেসব শ্রমিক বর্তমানে নির্ধারিত ন্যূনতম মজুরির চেয়ে বেশি বেতন পাচ্ছেন, তাদের ক্ষেত্রেও ন্যূনতম ২ হাজার টাকা সমন্বয় করা হবে এবং সব পর্যায়ের শ্রমিকরাই এর সুফল পাবেন। এ ছাড়া শিক্ষানবিশ বা অ্যাপ্রেন্টিস শ্রমিকদের মজুরি ও বার্ষিক ইনক্রিমেন্টের বিষয়টি খসড়া সুপারিশ তৈরির সময় কারিগরি দিক বিবেচনা করে নির্ধারণ করা হবে বলে তিনি জানান।

 

মজুরি বোর্ডের এই সভায় চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাবুল আখতার ও আনোয়ার হোসাইন, মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে আসিফ আইয়ুব ও অধিত্রম সামছুদ্দিন এবং নিরপেক্ষ সদস্য হিসেবে ড. মোসলেহ উদ্দিন আহমদ উপস্থিত ছিলেন। বোর্ড চেয়ারম্যান জানিয়েছেন, দ্রুততম সময়ের মধ্যে খসড়া সুপারিশ চূড়ান্ত করে গেজেট প্রকাশের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হবে। গেজেট প্রকাশের পর কারখানাগুলোকে নতুন কাঠামো অনুযায়ী শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করতে হবে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন