সারা বাংলা
নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল হত্যায় গ্রেপ্তার ৬, পালাতে গিয়ে গুলিবিদ্ধ ১

নারায়ণগঞ্জে পুলিশ হত্যা মামলায় রাতভর অভিযানে অন্তত ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও এসআরবি। এদের মধ্যে একজন পালাতে গিয়ে পুলিশের গুলিতে আহত হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) সকালে এই তথ্য নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামান।
পুলিশের অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন, রিয়াজ ওরফে ডেভিড, তার ভাই আব্দুল্লাহ, সহযোগী সামাদসহ চারজনকে গ্রেপ্তার করে। এদের মধ্যে ডেভিড পালাতে গেলে তাকে গুলি করা হলে সে পায়ে গুলিবিদ্ধ হয়েছে।
এসআরবির পৃথক আরেকটি দল আদর ও আজাদ নামে আরও দুʼজনকে গ্রেপ্তার করেছে।
হাসিনুজ্জামান বলেন, পৃথক টিম রাতভর অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে আব্দুল্লাহকে মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ফতুল্লা থানার দেওভোগ, নাগবাড়ি ও আশেপাশের এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জেলার পুলিশ সুপার সংবাদ সম্মেলন করে জানাবেন।
গত রোববার রাতে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় মাদক ব্যবসায়ীদের ধারালো অস্ত্রের আঘাতে মারা যান পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা (৩২)। নিহত পুলিশ সদস্য ঢাকার নবাবগঞ্জ উপজেলার দত্তখণ্ড গ্রামের বাসিন্দা। তিনি নারায়ণগঞ্জ সদর থানার শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
ডিবিসি/এমএনকে