সারা বাংলা
চুয়াডাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানার গড়াইটুপি ইউনিয়নের গহেরপুর গ্রামে বদর উদ্দিন (৪৬) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার কামড়িয়ার বিল সংলগ্ন নিজ জমিতে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত বদর উদ্দিন গহেরপুর গ্রামের মাঝের পাড়ার মৃত সামছদ্দিন মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কামড়িয়ার বিলের পাশে মুক্তার মেম্বারের পুকুর ও মাছের ঘের সংলগ্ন একটি ছোট অস্থায়ী কুঁড়েঘরে বদর উদ্দিন প্রায়ই যাতায়াত করতেন এবং মাছের ঘের পাহারা দিতেন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মঙ্গলবার দিবাগত রাতে দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত হামলা চালায় বলে ধারণা করা হচ্ছে। বুধবার ভোরে নিহতের ছেলে সুমন প্রথম তার বাবাকে পানির মধ্যে পড়ে থাকতে দেখেন।
এলাকাবাসী জানান, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে বদর উদ্দিনকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে। তার মাথায় ১০ থেকে ১২টির বেশি কোপের চিহ্ন রয়েছে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ডিবিসি/এমএনকে