সারা বাংলা
বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর অবস্থান

যশোরের বেনাপোল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, নাশকতা ও দেশবিরোধী অপতৎপরতা প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)। একই সঙ্গে সীমান্ত এলাকায় সতর্ক অবস্থানে রয়েছেন বিএনপির নেতাকর্মীরাও। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠেকাতে নজরদারি জোরদার করায় বর্তমানে পুরো সীমান্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে বেনাপোল সীমান্তের বিভিন্ন এলাকায় বিজিবি সদস্যদের টহল ও নিরাপত্তা তৎপরতা জোরদার করতে দেখা গেছে। সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি। পাশাপাশি বিএনপির নেতাকর্মীদেরও বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে অবৈধভাবে কেউ যাতে দেশে প্রবেশ করতে না পারে এবং কোনো পক্ষ যাতে সীমান্তকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সতর্ক রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। অন্যদিকে, বিএনপির নেতাকর্মীরাও নিজেদের উদ্যোগে সীমান্ত এলাকায় খোঁজখবর রাখছেন।
তবে সীমান্তজুড়ে এমন থমথমে পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।
সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও অপতৎপরতা প্রতিরোধে বিজিবির টহল ও নজরদারি অব্যাহত রয়েছে।
ডিবিসি/এমএনকে