ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

হবিগঞ্জে ১৮০ বছরের ঐতিহ্যবাহী মণিপুরি মহারাসলীলা উৎসব অনুষ্ঠিত

হবিগঞ্জে ১৮০ বছরের ঐতিহ্যবাহী মণিপুরি মহারাসলীলা উৎসব অনুষ্ঠিত

সারা বাংলা

হবিগঞ্জে ১৮০ বছরের ঐতিহ্যবাহী মণিপুরি মহারাসলীলা উৎসব অনুষ্ঠিত

হবিগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪৬ মিনিট আগে

প্রায় ১৮০ বছরের ঐতিহ্য ধারণ করে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ছয়শ্রী গ্রামে অনুষ্ঠিত হয়েছে মণিপুরি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী মহারাসলীলা উৎসব। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম এই ধর্মীয় উৎসব উপলক্ষে গত ২৪ নভেম্বর (মঙ্গলবার) দিনভর ধর্মীয় আচার-অনুষ্ঠান এবং রাতভর চলে মনোজ্ঞ রাসলীলা। শতাব্দীপ্রাচীন এই আয়োজন দেখতে জেলার বিভিন্ন স্থানসহ দূরদূরান্ত থেকে ছুটে আসেন হাজারো ভক্ত ও দর্শনার্থী।

প্রতিবছর কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা স্মরণে এই উৎসবের আয়োজন করা হয়। ছয়শ্রী গ্রামের মণিপুরি সম্প্রদায়ের কাছে রাস পূর্ণিমা কেবল একটি ধর্মীয় উৎসব নয়, বরং এটি তাদের প্রজন্ম থেকে প্রজন্মে বহমান ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের অবিচ্ছেদ্য অংশ।

 

গত মঙ্গলবার সকাল থেকেই পূজা-অর্চনা, কীর্তন ও নানা ধর্মীয় আনুষ্ঠানিকতায় মুখর হয়ে ওঠে ছয়শ্রী গ্রামের মণিপুরি পাড়া। তবে উৎসবের মূল আকর্ষণ ছিল রাতের মহারাসলীলা। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই উৎসব প্রাঙ্গণে বাড়তে থাকে ভক্ত ও দর্শনার্থীদের ভিড়। রাত গভীর হলে শুরু হয় মূল পরিবেশনা। শ্রীকৃষ্ণের লীলাকাহিনি অবলম্বনে মণিপুরি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পোশাক, নৃত্য ও সংগীতের মাধ্যমে শিল্পীরা তুলে ধরেন পৌরাণিক নানা আখ্যান। মধ্যরাত পেরিয়ে ভোর পর্যন্ত চলা এই পরিবেশনা মুগ্ধ হয়ে উপভোগ করেন আগতরা।

 

উৎসবে আসা দর্শনার্থীরা জানান, প্রায় দুই শতাব্দী ধরে চলে আসা এই ঐতিহ্যবাহী আয়োজন উপভোগ করতে পেরে তারা আনন্দিত। মণিপুরিদের নিজস্ব সংস্কৃতি ও ধর্মীয় আবেগের এমন মেলবন্ধন উৎসবটিকে দিয়েছে ভিন্ন মাত্রা।

 

রাস উৎসব কমিটির উপদেষ্টা ও মণিপুরি সম্প্রদায়ের প্রতিনিধি বীরেশ্বর সিংহসহ আয়োজকরা জানান, সময়ের সঙ্গে অনেক কিছু বদলে গেলেও ছয়শ্রী গ্রামের মণিপুরি সম্প্রদায়ের এই ঐতিহ্যবাহী আয়োজন আজও অমলিন। ধর্মীয় বিশ্বাস ও নিজস্ব সংস্কৃতিকে ধারণ করে প্রায় ১৮০ বছর ধরে এই ধারা অব্যাহত রয়েছে।

 

ভোরবেলা রাসলীলার সমাপ্তির মধ্য দিয়ে পর্দা নামে এবারের উৎসবের। ঐতিহ্যের এই ধারাবাহিকতা আগামীতেও ধরে রাখার প্রত্যয় নিয়ে নতুন বছরের অপেক্ষায় থাকবেন আয়োজক ও ভক্তরা।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন