সারা বাংলা
কুমিল্লা মেডিকেলে দুদকের অভিযানে মিলল একাধিক অনিয়মের প্রমাণ

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের চিকিৎসাসেবা দিতে হয়রানি, ইসিজি পরীক্ষার নামে টাকা আদায়, ইকো পরীক্ষায় অতিরিক্ত অর্থ গ্রহণ এবং ওষুধের মজুত ও ক্রয়সংক্রান্ত নানা অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২৫ নভেম্বর) দুদকের এনফোর্সমেন্ট টিমের অভিযানে এসব অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে দুদক।
দুদকের অভিযানে দেখা যায়, হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ইসিজি পরীক্ষার জন্য রোগীদের কাছ থেকে নির্ধারিত ফি-এর বাইরে টাকা নেওয়া এবং আদায় করা অর্থের যথাযথ হিসাব সংরক্ষণ না করার অভিযোগের প্রমাণ মিলেছে। ইকো পরীক্ষার ক্ষেত্রেও নির্ধারিত ফির অতিরিক্ত ১০০ থেকে ৩০০ টাকা দিলে দ্রুত পরীক্ষা করার সুযোগ দেওয়ার তথ্য পেয়েছে অভিযানকারী দল।
দুদকের তথ্যমতে, ইসিজি পরীক্ষার জন্য প্রত্যেক রোগীর কাছ থেকে ৮০ টাকা করে নেওয়া হলেও অনেক ক্ষেত্রে কোনো রশিদ দেওয়া হচ্ছিল না। কার্ডিওগ্রাফার মোহাম্মদ হাফিজুর রহমান ছোট ছোট সাদা কাগজে টোকেনের মাধ্যমে হিসাব রাখতেন। পরে দিনশেষে নিজের সুবিধামতো ৩০ থেকে ৫০ জন রোগীর নামে রেজিস্টার ও রশিদ বইয়ে এন্ট্রি করতেন বলে অভিযানে উঠে আসে।
অভিযানকারী দল তার ড্রয়ার তল্লাশি করে ৫৫১৪৮০১ থেকে ৫৫১৪৮০৯ নম্বর পর্যন্ত রশিদসংবলিত একটি জমা স্লিপের বই উদ্ধার করে। এতে বিভিন্ন সময়ের লেনদেনের তথ্য থাকলেও রোগীদের জন্য নির্ধারিত গ্রাহক কপি তাদের দেওয়া হয়নি।
এ ছাড়া ইকো রুম থেকে সংগ্রহ করা কয়েকজন রোগীর ইসিজি রিপোর্ট রেজিস্টার ও রশিদ বইয়ের সঙ্গে যাচাই করে দেখা যায়, তারা ৮০ টাকা করে ফি দিলেও সেই অর্থের কোনো হিসাব রেজিস্টারে নেই। দুদকের পর্যবেক্ষণ অনুযায়ী, প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রায় ২৩০ থেকে ২৫০ জন রোগী ইসিজি করাতে এলেও রেজিস্টারে নিয়মিত ৪০ থেকে ৪৫ জনের নাম লিপিবদ্ধ করা হতো।
ইকো কার্ডিও রুমেও অনিয়মের তথ্য পেয়েছে দুদক। সেখানে দায়িত্বরত মেডিকেল টেকনোলজিস্ট কামরুল হাসান ও মেডিকেল টেকনিশিয়ান নজরুল ইসলামের কাছে সরকারি রেজিস্টারের পাশাপাশি আলাদা সাদা কাগজে রোগীদের তালিকা সংরক্ষণের বিষয়টি দেখতে পায় অভিযানকারী দল।
দুদকের প্রতিবেদনে বলা হয়, সাধারণ রোগীদের ইকো পরীক্ষার তারিখ দুই থেকে চার দিন পর দেওয়া হলেও নির্ধারিত ২০০ টাকা ফির বাইরে অতিরিক্ত ১০০ থেকে ৩০০ টাকা দিলে তাৎক্ষণিক পরীক্ষার সুযোগ দেওয়া হচ্ছিল। উপস্থিত রোগীদের সঙ্গে কথা বলে অতিরিক্ত অর্থ নেওয়ার তথ্যও সংগ্রহ করেন দুদক কর্মকর্তারা।
হাসপাতালের বহির্বিভাগের ওষুধ বিতরণ কেন্দ্রেও অনিয়ম পেয়েছে দুদক। ১৩৮ নম্বর ওষুধ বিতরণ কেন্দ্রের ফার্মাসিস্ট খাইরুল ইসলামের সংরক্ষিত স্টক রেজিস্টার যাচাই করে দেখা যায়, ২১ নভেম্বরের পর নিয়মিত হিসাব হালনাগাদ করা হয়নি। কয়েক দিন পরপর রেজিস্টার হালনাগাদ করার প্রবণতা ছিল।
ওষুধের বাস্তব মজুতের সঙ্গে রেজিস্টারের হিসাব মিলিয়ে দেখা হলে ঘাটতি পাওয়া যায়। মন্টিলুকাস্ট ওষুধের রেজিস্টারে ২৬ হাজার ৬০০ পাতা মজুত থাকার কথা উল্লেখ থাকলেও বাস্তবে পাওয়া যায় ২৫ হাজার ৬০০ পাতা। অর্থাৎ এক হাজার পাতার ঘাটতি পাওয়া গেছে।
হাসপাতালের কেন্দ্রীয় স্টোরেও ওষুধের মজুত নিয়ে বড় ধরনের গরমিল ধরা পড়ে। স্টোর কিপার শ্যামল কান্তি রায়ের উপস্থিতিতে ওষুধ যাচাই করে দুদক কর্মকর্তারা দেখতে পান, একটি ওষুধের ক্ষেত্রে রেজিস্টারে ২৪ হাজার ২৬৫টি মজুত দেখানো হলেও বাস্তবে এসকেএফের ১৪ হাজার ৩১৮টি এবং বিকনের ৩ হাজার ২৯১টি পাওয়া যায়। অবশিষ্ট ওষুধের বিষয়ে তিনি সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি।
এ ছাড়া হাইড্রোকর্টিসন ১০০ মিলিগ্রাম ইনজেকশনের রেজিস্টারে ২০ হাজার ১০১টি মজুত দেখানো হলেও বাস্তবে পাওয়া যায় ১৯ হাজার ১০০টি। এতে প্রায় এক হাজার ইনজেকশনের ঘাটতি পাওয়া যায়।
অভিযানে ডলোফিন ৫০০, ইফিড্রিন, থায়োপেন্টাল, লিডোকেন, অ্যাড্রেনালিন, ফিটোসিন ডিএস, হেপারিন ও হিপনোফাস্টসহ বিভিন্ন ওষুধের গায়ে সরকারি সম্পত্তির সিল বা নির্ধারিত চিহ্ন না থাকার বিষয়টিও পর্যবেক্ষণ করে দুদক। সরকারি ক্রয় ও সরবরাহের শর্ত অনুযায়ী এসব ওষুধে সরকারি সম্পত্তির পরিচিতিমূলক চিহ্ন থাকার কথা। মজুতের গরমিল ও চিহ্ন না থাকার বিষয়গুলোতে ওষুধ বাইরে বিক্রি বা আত্মসাতের সন্দেহের কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
পরিচ্ছন্নতার সামগ্রী কেনাকাটাতেও অস্বাভাবিক দামের তথ্য পেয়েছে দুদক। মেসার্স মিথিল এন্টারপ্রাইজের সরবরাহ করা পণ্যের চালান ও বাজারমূল্য যাচাই করে দেখা যায়, কয়েকটি পণ্য বাজারদরের তুলনায় অনেক বেশি দামে কেনা হয়েছে।
অভিযানের তথ্য অনুযায়ী, প্রতিটি টয়লেট সাবান ৮৯ টাকা দরে কেনা হলেও বাজারে মেরিল সাবানের দাম পাওয়া যায় ৬০ টাকা। ৫০০ মিলিলিটার টয়লেট ক্লিনারের দর ধরা হয়েছে ২৪৯ টাকা, অথচ পণ্যের গায়ে মূল্য লেখা ১৪০ টাকা। তিন লিটারের ফিনাইলের দাম ৩৯৯ টাকা ধরা হলেও বাজারমূল্য পাওয়া যায় ২০০ টাকা।
এ ছাড়া প্রতিটি টয়লেট টিস্যু ৬৯ টাকা দরে কেনা হলেও সর্বোচ্চ খুচরা মূল্য পাওয়া যায় ২৫ টাকা। ২০০ মিলিলিটারের হ্যান্ডওয়াশের দাম ধরা হয়েছে ১৯০ টাকা, অথচ বাজারমূল্য ১০০ টাকা। প্রতি কেজি ওয়াশিং পাউডার ৩৮০ টাকা দরে কেনা হলেও সরবরাহ করা হুইল পাউডারের বাজারমূল্য পাওয়া যায় ১৮০ টাকা।
প্লাস্টিকের বদনা, পানির জগ ও রুম স্প্রের দামেও অসংগতি পেয়েছে দুদক। বদনা ১৪৯ টাকা দরে কেনা হলেও গায়ে মূল্য লেখা ৮০ টাকা। পানির জগের ক্রয়মূল্য ৩৭০ টাকা হলেও সরবরাহ করা জগের গায়ে ১৩০ টাকা মূল্য লেখা ছিল। এসব পণ্য কেনাকাটায় সরকারি অর্থের অপচয় ও আত্মসাতের প্রাথমিক তথ্য পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
দুদকের প্রধান কার্যালয়ের এনফোর্সমেন্ট ইউনিটের নির্দেশনায় সহকারী পরিচালক মো. এমরান হোসেন, উপসহকারী পরিচালক সিদ্দিকুর রহমান রুবেল ও উপসহকারী পরিচালক সানজিদা আকতার শিলার সমন্বয়ে গঠিত দল এ অভিযান পরিচালনা করে।
দুদকের প্রধান কার্যালয়ের এনফোর্সমেন্ট ইউনিটের সহকারী পরিচালক মো. এমরান হোসেন জানান, অভিযানকালে সংশ্লিষ্টদের কাছে আরও কিছু প্রয়োজনীয় নথিপত্র চাওয়া হলে তারা সেগুলো জমা দিতে সময় প্রার্থনা করেন। প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ ও পর্যালোচনা শেষে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়া হবে ।
ডিবিসি/এসডব্লিউএন