ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের প্রস্তাব

বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের প্রস্তাব

আন্তর্জাতিক

বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের প্রস্তাব

নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয় সত্ত্বেও নিজের রক্ষণশীল বাণিজ্য নীতি থেকে সরে আসেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (২৫ নভেম্বর) চীন ও বাংলাদেশসহ ১৪টি বাণিজ্য অংশীদারের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রস্তাব দিয়ে বিশ্ব বাণিজ্যে ফের উত্তেজনা সৃষ্টি করেছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শিল্পখাতে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা মোকাবিলার কথা বলে এই শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। এতে সবচেয়ে বেশি ২০ শতাংশ শুল্কের মুখে পড়তে যাচ্ছে চীন। চীন ছাড়াও তালিকায় রয়েছে বাংলাদেশ, ভারত, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, তাইওয়ান ও থাইল্যান্ড। তবে আপাতত মেক্সিকো ও নরওয়েকে এই তালিকা থেকে বাদ রাখা হয়েছে।


এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেন, ‘আমরা জানি তারা এই পদক্ষেপ পছন্দ করছে না, তবে আমরা চীনের সঙ্গে স্থিতিশীলতা চাই। চীনও আমাদের সঙ্গে স্থিতিশীলতা চায়।’ গত সপ্তাহে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে ট্রাম্পের বৈঠক ‘দারুণ’ হয়েছে বলেও জানান তিনি। অন্যদিকে বাণিজ্য যুদ্ধের বিরোধিতা করলেও তাৎক্ষণিক পাল্টা ব্যবস্থার হুমকি দেয়নি বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন বলেন, ‘তথাকথিত অতিরিক্ত উৎপাদন সক্ষমতা একটি ভুয়া ইস্যু, এবং রাজনৈতিক ফায়দা হাসিলের অজুহাত হিসেবে এর ব্যবহারের বিরোধিতা করে চীন।’


মার্কিন প্রশাসন জানিয়েছে, নতুন এই শুল্ক আগের কোনো বাণিজ্য চুক্তির নির্ধারিত সীমা অতিক্রম করবে না। ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানের জন্য ১৫ শতাংশ এবং মালয়েশিয়ার জন্য ১৯ শতাংশ শুল্কসীমা বজায় থাকবে। এছাড়া গত জুলাইয়ে আরোপ করা শুল্কের ওপর এটি যুক্ত হবে না, তবে চীনের ক্ষেত্রে ট্রাম্পের প্রথম মেয়াদের প্রায় ২৫ শতাংশ শুল্কের সঙ্গে এটি যোগ হবে। গণশুনানি ও মতামত গ্রহণের পর আগামী জানুয়ারিতে নতুন এই শুল্ক কার্যকর হতে পারে।


এদিকে নতুন শুল্কের খবরে বুধবার বিশ্ব শেয়ারবাজারে কিছুটা দরপতন দেখা গেছে। রয়টার্স ও ইপসসের সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, পণ্যের দাম বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের ৬২ শতাংশ মানুষ ট্রাম্পের শুল্ক বাতিলের পক্ষে।


সূত্র: রয়টার্স


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন