সারা বাংলা
কুড়িগ্রামে ২০ লাখ টাকার ভারতীয় পোল্ট্রি ভ্যাকসিন জব্দ, আটক ২

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভারত থেকে অবৈধভাবে আনা পোল্ট্রি মুরগির বার্ড ফ্লু প্রতিরোধী ভ্যাকসিনের একটি বড় চালান জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। জব্দ করা এসব ভ্যাকসিনের আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা।
বুধবার বিকেলে উপজেলার আন্ধারিঝাড় বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের এক অভিযানে ভ্যাকসিনের চালানটি আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে পুলিশের একটি দল ভোটহাট সীমান্ত এলাকা থেকে আসা একটি অটোরিকশায় তল্লাশি চালায়। তল্লাশিকালে অটোরিকশা থেকে ককশিটের ১১টি কার্টনে রাখা ১৫৬ লিটার ভ্যাকসিন জব্দ করা হয়। এসব ভ্যাকসিন পোল্ট্রি মুরগির ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু রোগ প্রতিরোধে ব্যবহৃত হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গোরকমণ্ডল এলাকার মৃত রশিদ মিয়ার ছেলে মো. ছায়েদ আলী (নাম ও তথ্য অনুযায়ী) এবং পশ্চিম ফুলমতি এলাকার মো. আমিনুল ইসলামের ছেলে মো. মাসুদ রানা।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূরুঙ্গামারীর ভোটহাট সীমান্ত দিয়ে ভ্যাকসিনগুলো অবৈধভাবে বাংলাদেশে আনা হয়। পরবর্তীতে চালানটি লালমনিরহাট জেলায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল।
ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, শুল্ক ফাঁকি দিয়ে এসব ভারতীয় ভ্যাকসিন দেশে আনা হয়েছিল। আটক ব্যক্তিরা নিয়মিত ভারতীয় পণ্য চোরাচালানের সঙ্গে জড়িত বলে তথ্য পাওয়া গেছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে দীর্ঘ সময় নজরদারির পর তাঁদের ভ্যাকসিনসহ আটক করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ডিবিসি/এইচডিআই