আন্তর্জাতিক
ব্রাজিলের তৈরি বিমানের ওপর ১০ শতাংশ শুল্ক বসানো হবে: ট্রাম্পের নতুন প্রস্তাব

বাংলাদেশ ও চীনসহ ১৪টি বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্ক প্রস্তাবের পরপরই এবার ব্রাজিলের পণ্যের ওপর আলাদাভাবে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। বুধবার (২৫ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
নতুন এই প্রস্তাব অনুযায়ী, ব্রাজিলে তৈরি উড়োজাহাজের ওপর ১০ শতাংশ শুল্ক বসানো হবে। বর্তমানে মার্কিন শুল্কমুক্ত সুবিধা পাওয়া এই খাতটি ব্রাজিলের চতুর্থ বৃহত্তম রপ্তানি পণ্য। ফলে এই সিদ্ধান্তের কারণে ব্রাজিলের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এমব্রেয়ার বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে।
এর পাশাপাশি যুক্তরাষ্ট্রে কোটার বাইরে আসা অপরিশোধিত ও পরিশোধিত চিনির ওপরও নতুন শুল্কহার প্রস্তাব করেছে ওয়াশিংটন। তৃতীয় কোনো দেশের মাধ্যমে ব্রাজিলের চিনি যাতে যুক্তরাষ্ট্রে ঢুকতে না পারে, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেয়া হচ্ছে।
এর আগে গত জুলাই মাসে ‘সেকশন ৩০১’-এর আওতায় ব্রাজিলের কিছু পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার ভাষায়, দুই দেশের মধ্যকার ‘বড় ধরনের মতপার্থক্য’ দূর করতে কয়েক দফা আলোচনা ব্যর্থ হওয়ার পর এবার আগের সেই বাণিজ্যিক পদক্ষেপে নতুন এই সংশোধনের প্রস্তাব দিল ওয়াশিংটন।
সূত্র: রয়টার্স
ডিবিসি/এসভিএন