ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

ডানা ছাড়াই আকাশে উড়ল চীনের নতুন উড়ন্ত গাড়ি

ডানা ছাড়াই আকাশে উড়ল চীনের নতুন উড়ন্ত গাড়ি

আন্তর্জাতিক

ডানা ছাড়াই আকাশে উড়ল চীনের নতুন উড়ন্ত গাড়ি

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

চীনে রানওয়ে ছাড়াই উল্লম্বভাবে উড্ডয়ন, আকাশে স্থির থাকা এবং অবতরণে সক্ষম একটি উড়ন্ত গাড়ির প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন সফলভাবে সম্পন্ন হয়েছে। দেশীয় প্রযুক্তিতে তৈরি এই প্রোটোটাইপে প্রচলিত বিমানের মতো কোনো ডানা কিংবা হেলিকপ্টারের মতো উন্মুক্ত রোটর ব্লেড নেই। সম্প্রতি চীনের হুনান প্রদেশের চাংশা শহরে যানটি আকাশে ওড়ে, যা দেশটির উড়ন্ত যানবাহন তৈরির প্রচেষ্টায় নতুন মাত্রা যোগ করেছে।

ভারতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত জু ফেইহং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই পরীক্ষামূলক উড্ডয়নের ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যায়, এক আসনবিশিষ্ট ছোট আকারের এই যানটি পাকা পৃষ্ঠ থেকে সরাসরি ওপরের দিকে উঠছে, বাতাসে স্থির হয়ে ভেসে থাকছে, মাঝ-আকাশে কয়েকটি দিক পরিবর্তনের পর মসৃণভাবে অবতরণ করছে।

 

প্রচলিত বিমান ও হেলিকপ্টারের চেয়ে ভিন্ন প্রযুক্তিতে তৈরি এই যানটিতে ‘মাল্টি-স্টেজ থ্রাস্ট-ভেক্টরিং ডাক্টেড-ফ্যান প্রপালশন সিস্টেম’ ব্যবহার করা হয়েছে। নির্মাতা প্রতিষ্ঠানের দাবি অনুযায়ী, এই প্রপালশন প্রযুক্তি ব্যবহারকারী এটিই বিশ্বের প্রথম মনুষ্যবাহী উড়ন্ত যান। এর ঘূর্ণায়মান ব্লেডগুলো বাইরে উন্মুক্ত না রেখে ভেতরে আবদ্ধ রাখা হয়েছে, যা কম উচ্চতায় উড্ডয়নের ক্ষেত্রে নিরাপত্তা বাড়ায়। প্রতিষ্ঠানটির কারিগরি পরিচালক ইয়াং ইয়াং জানান, থ্রাস্ট ভেক্টরিংয়ের মাধ্যমে যানটি ওপরে ওঠে এবং উচ্চতা নিয়ন্ত্রণ করে। ব্লেডগুলো ভেতরে আবদ্ধ থাকায় দুর্ঘটনার ঝুঁকি কমার পাশাপাশি প্রচলিত মাল্টি-রোটর বিমানের তুলনায় এটি কম শব্দ তৈরি করে এবং ওড়ার সময় কম শক্তি খরচ করে।

 

এক আসনবিশিষ্ট এই উড়ন্ত গাড়ির সর্বোচ্চ উড্ডয়ন ওজন ২৮০ কেজি এবং এটি ১২০ কেজি পর্যন্ত ভার বহন করতে সক্ষম। যানটি সর্বোচ্চ ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে চলতে পারে এবং একবারে ৩০০ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার সক্ষমতা রাখে। এটি সর্বোচ্চ ৩ হাজার মিটার উচ্চতায় ওড়ার উপযোগী করে নকশা করা হলেও সাধারণত ১০০ মিটার উচ্চতায় পরিচালনার জন্য এটি উপযোগী। এছাড়া অবতরণের পর এটি সড়কেও চলতে পারে, ফলে এটি একই সঙ্গে আকাশযান ও সড়কযান হিসেবে কাজ করতে সক্ষম। জটিল শহুরে পরিবেশ ও প্রতিকূল আবহাওয়ায় প্রাথমিক পরীক্ষা শেষে প্রকল্পটি এখন উৎপাদন-পূর্ব পরীক্ষার পর্যায়ে প্রবেশ করছে।

 

উড়ন্ত গাড়িকে সাধারণত ভবিষ্যতের ব্যক্তিগত যাতায়াত মাধ্যম হিসেবে ভাবা হলেও নির্মাতা প্রতিষ্ঠানটি প্রাথমিকভাবে ব্যবহারিক ও জরুরি প্রয়োগের দিকে গুরুত্ব দিচ্ছে। এর মধ্যে অগ্নিনির্বাপণ, জরুরি উদ্ধারকাজ এবং দুর্যোগ ব্যবস্থাপনা অন্যতম। ইয়াং ইয়াংয়ের মতে, ভূমিকম্প, বন্যা বা ভূমিধসের মতো প্রাকৃতিক দুর্যোগে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়লে উদ্ধারকর্মীরা এই যানটি চালিয়ে নিরাপদ দূরত্ব পর্যন্ত গিয়ে এরপর আকাশপথে উড়ে দুর্গম এলাকায় পৌঁছাতে পারবেন। পাশাপাশি স্বল্প দূরত্বে যাত্রী পরিবহন এবং জরুরি পণ্য সরবরাহেও এই প্রযুক্তি কাজে লাগানো যাবে। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি এই উড়ন্ত গাড়ির একটি বড় সংস্করণের কারিগরি নকশা চূড়ান্ত করেছে, যা ভবিষ্যতে সর্বোচ্চ ১৫ জন যাত্রী বহন করতে সক্ষম হবে।

ডিবিসি/এইচডিআই

আরও পড়ুন