আন্তর্জাতিক
ভারতের রাজস্থানে ২ ফুটের মহিষের নাম পিঙ্কি, দাম ১ কোটি রুপি

ভারতের রাজস্থানের ঐতিহ্যবাহী পুষ্কর মেলায় এবার সবচেয়ে বড় আকর্ষণ হয়ে উঠেছে মাত্র ২ ফুট উচ্চতার একটি মহিষ। পিঙ্কি নামের এই খুদে মহিষটিকে বিশ্বের সবচেয়ে ছোট মহিষ বলে দাবি করা হচ্ছে, যার দাম হাঁকা হয়েছে এক কোটি রুপি। বুধবার (২৫ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
বিশ্বের অন্যতম বৃহৎ এই পশুমেলায় সাধারণত উঁচু ঘোড়া, সাজানো উট আর বিশালদেহী মহিষ দেখতে ভিড় জমান দর্শনার্থীরা। কিন্তু এবার সবার নজর কেড়েছে ছোট্ট পিঙ্কি। প্রতিদিনই অসংখ্য মানুষ তাকে ঘিরে ভিড় করছেন এবং ছবি ও ভিডিও তুলছেন। অনেক দর্শনার্থীই বলছেন, এত ছোট মহিষ তারা আগে কখনো দেখেননি।
পিঙ্কির মালিকের দাবি, মহিষটি অত্যন্ত বিরল। ক্ষুদ্র আকৃতি, শান্ত স্বভাব আর ব্যতিক্রমী গড়নের কারণেই তিনি এর দাম এক কোটি রুপি নির্ধারণ করেছেন। তবে এই দামের বিষয়টি স্বতন্ত্রভাবে যাচাই করা যায়নি এবং এখনো প্রকাশ্যে কোনো ক্রেতার খোঁজ মেলেনি।
মালিক জানান, পিঙ্কি খুবই শান্ত ও বন্ধুত্বপূর্ণ। দর্শনার্থীরা কাছে এলে সে চুপচাপ দাঁড়িয়ে থাকে। উচ্চতা প্রায় শিশুদের সমান হওয়ায় বাচ্চারাও তার প্রতি বেশ আকৃষ্ট হচ্ছে। তার যত্নে বিশেষ নজর দিতে সাধারণ খাবার, বিশুদ্ধ পানি ও পর্যাপ্ত বিশ্রামের ব্যবস্থা রাখা হয়েছে। উচ্চ শব্দ অপছন্দ করায় ক্লান্ত হলে তাকে ঢাকঢোল ও কোলাহল থেকে দূরে রাখা হয়।
এবারের মেলায় আড়াই ফুট উচ্চতার পুঙ্গানুর গরু, কয়েকশ কেজি ওজনের মুরাহ মহিষ এবং কোটি রুপি দামের ঘোড়াও এসেছে। তবে এত সব বিশাল প্রাণীর ভিড়েও ছোট্ট পিঙ্কিই এবারের মেলার অন্যতম প্রধান আকর্ষণ হয়ে উঠেছে।
সূত্র: এনডিটিভি
ডিবিসি/এসভিএন