ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

ভৈরবে একদিনেই বিভিন্ন স্থানে শিয়াল-কুকুর-বিড়ালের কামড়ে আহত ১০

ভৈরবে একদিনেই বিভিন্ন স্থানে শিয়াল-কুকুর-বিড়ালের কামড়ে আহত ১০

বাংলাদেশ, সারা বাংলা

ভৈরবে একদিনেই বিভিন্ন স্থানে শিয়াল-কুকুর-বিড়ালের কামড়ে আহত ১০

ভৈরব প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪৬ মিনিট আগে

কিশোরগঞ্জের ভৈরবে সন্ধ্যায় শিয়াল, কুকুর ও বিড়ালের কামড়ে শিশুসহ ১০ জন আহত হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বিভিন্ন স্থানে এসব হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় ভৈরবের গজারিয়া ইউনিয়নের বাঁশগাড়ি এলাকায় একটি শিয়ালের আক্রমণে পাঁচজন আহত হন। শিয়ালের কামড়ে আহতরা হলেন- বাঁশগাড়ি এলাকার আপন মিয়া (২০), রুহান মিয়া (৪), হারুন মিয়া (৭০), মামুন মিয়া (৩০) ও মোবারক হোসেন (৩৮)।


শিয়ালের হামলায় আহত আপন মিয়া জানান, সন্ধ্যার দিকে হঠাৎ একটি শিয়াল তাদের বাড়িতে ঢুকে প্রথমে তার মায়ের ওপর চড়াও হয়। মাকে বাঁচাতে এগিয়ে গেলে শিয়ালটি তাকেও কামড়ে আহত করে। পরে বাড়ির আশপাশে থাকা আরও কয়েকজনকে কামড়ায় শিয়ালটি। একপর্যায়ে স্থানীয়রা ধাওয়া করলে সেটি পালিয়ে যায়।


এদিকে একই সময়ে পৌর শহরের বিভিন্ন এলাকায় কুকুর ও বিড়ালের কামড়ে আরও পাঁচজন আহত হন। এর মধ্যে কুকুরের কামড়ে আহত হয়েছেন ভৈরবপুর এলাকার আরাফ মিয়া (৪), ঘোড়াকান্দা এলাকার আনাস মিয়া (৫), ইয়াছিন মিয়া (১১) ও শ্রীনগর ইউনিয়নের তেয়ারিরচর এলাকার বিজয় মিয়া (১৩)। এছাড়া বিড়ালের কামড়ে আহত হয়েছে আয়েশা বেগম (৪) নামের এক শিশু।


আহতদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে দুজনের অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে।


ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শাহরিয়ার আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘রাতে শিয়াল, কুকুর ও বিড়ালের কামড়ে আহত ১০ জন হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। এদের মধ্যে রুহান মিয়া ও ইয়াছিনকে উন্নত চিকিৎসার জন্য মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে।’


তিনি আরও বলেন, ‘শিয়াল, কুকুর বা বিড়ালের কামড়ে আক্রান্ত হলে কোনোভাবেই অবহেলা করা যাবে না। দ্রুত ক্ষতস্থান সাবান ও প্রবহমান পানি দিয়ে অন্তত ১৫ থেকে ৩০ মিনিট ভালোভাবে ধুয়ে ফেলতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দ্রুত জলাতঙ্ক প্রতিরোধী টিকা নিতে হবে।’


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন