আন্তর্জাতিক, ভারত
ভারতে বিধায়কের মেয়ের বিয়েতে লাখো মানুষের ঢল, ১০ কিলোমিটার যানজটে অচল সড়ক

বিহারের প্রভাবশালী নেতা ও মোকামার বিধায়ক অনন্ত সিংয়ের মেয়ে শিবঙ্গী সিংয়ের বিয়েতে সবার জন্য উন্মুক্ত আমন্ত্রণের পর তার পৈতৃক গ্রাম নাদওয়ানে লাখো মানুষের সমাগম ঘটেছে। এতে ১০ কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং ঘোড়দৌড় প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব স্থগিত করতে বাধ্য হয়েছেন আয়োজকরা।
বুধবার পাটনা জেলার পূর্বাঞ্চলের নাদওয়ান গ্রামে যাওয়ার দুই লেনের সড়ক ও বেগুসরাই-পাটনা চার লেনের মহাসড়ক যানজটে স্থবির হয়ে পড়ে। বিহার ও ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা থেকে আসা দর্শনার্থীরা বিয়ের অন্যতম প্রধান আকর্ষণ ঘোড়দৌড় দেখার জন্য বিদ্যুতের টাওয়ারে পর্যন্ত উঠে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় এবং ভিড় সামলাতে হিমশিম খেয়ে আয়োজকরা প্রতীক্ষিত ঘোড়দৌড়ের ফাইনাল স্থগিত করেন। ওই যানজটে বিহার বিধানসভার স্পিকার প্রেম কুমারের গাড়িবহরও আটকা পড়ে।
বিহারে ‘ছোট সরকার’ বা ‘দাদা’ নামে পরিচিত অনন্ত সিং মেয়ের বিয়েতে সবার আগমনের আহ্বান জানিয়েছিলেন। বিপুল জনসমাগমের আশঙ্কায় তিনি চার লাখেরও বেশি মানুষের খাবারের ব্যবস্থা করেন এবং প্রথম পুরস্কার হিসেবে একটি মাহিন্দ্রা থার গাড়ি রেখে ঘোড়দৌড়ের আয়োজন করেন। চলতি সপ্তাহের শুরুতে অকাল বৃষ্টির কারণে বিয়ের প্রস্তুতি কিছুটা ব্যাহত হলেও বুধবার নাদওয়ানে মানুষের ঢল আয়োজকদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। সড়ক অচল হয়ে পড়ায় বর ঋষিকেশ কুমার কীভাবে বিয়ের আসরে পৌঁছাবেন, তা নিয়েও সংশয় তৈরি হয়।
অনুষ্ঠানে উত্তর প্রদেশের বিজেপির সাবেক এমপি ব্রিজ ভূষণ শরণ সিংসহ একাধিক প্রভাবশালী রাজনৈতিক নেতা উপস্থিত ছিলেন।
বিহার তক-এর সাংবাদিক অনিকৃত কুমার জানান, বুধবার বিকেলে নাদওয়ানগামী সড়কগুলোতে ১০ কিলোমিটারের বেশি দীর্ঘ যানজট দেখা দেয়। ভিড়ের মধ্যে আটকে পড়া এই সাংবাদিক অনন্ত সিংয়ের বাড়ি থেকে পাঁচ কিলোমিটার দূরেই ‘পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি’ তৈরি হওয়ার কথা জানান। তিনি বলেন, ‘আমি ভিড় ঠেলে প্রায় পাঁচ কিলোমিটার হেঁটেছি, আর সামনে যাওয়ার সাহস পাচ্ছি না। আমি যেখানে দাঁড়িয়ে আছি, সেখান থেকে নড়তে পারছি না। এক ঘণ্টা ধরে পাটনা-বেগুসরাই মহাসড়কে পৌঁছানোর চেষ্টা করছি।’ ওই অংশে কোনো পুলিশ সদস্যকে দেখেননি বলেও তিনি জানান।
এদিকে স্থানীয় সংবাদমাধ্যম ফার্স্ট বিহার ঝাড়খণ্ড জানায়, বিহার বিধানসভার স্পিকার প্রেম কুমারের গাড়িবহর যানজটে আটকা পড়ে, যার সিদ্ধান্তের ওপর অনন্ত সিংয়ের বিধানসভার সদস্যপদ নির্ভর করছে। পাটনার পশ্চিমাঞ্চলের দানাপুর থেকে বরের বরযাত্রী রওনা হওয়ার সময়েই এই পরিস্থিতি তৈরি হয়। বিহার বিধান পরিষদের নির্বাচনে জেডি(ইউ)-এর নীরজ কুমারের বিরুদ্ধে জন সুরাজ প্রার্থী অনুজ কুমার সিংয়ের পক্ষে প্রচার চালানোর অভিযোগে নীতীশ কুমারের নেতৃত্বাধীন জেডি(ইউ) অনন্ত সিং এবং তার স্ত্রী সাবেক বিধায়ক নীলম দেবীকে ছয় বছরের জন্য বহিষ্কার করে। পরবর্তীতে দলত্যাগবিরোধী আইনে তার অযোগ্যতা চেয়ে আবেদন করা হলে ২ নভেম্বর বিধানসভা সচিবালয় তাকে শোকজ নোটিশ দেয়। এ ছাড়া দুলারচাঁদ যাদব হত্যা মামলায় ৩০ অক্টোবর সুপ্রিম কোর্ট অনন্ত সিংয়ের জামিন বাতিল করে ১ ডিসেম্বরের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন। জন সুরাজের সমর্থক যাদব ২০২৫ সালের অক্টোবরে বিহার বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালে নিহত হন; ওই নির্বাচনে কারাগারে থেকেই প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছিলেন অনন্ত সিং।
আজ তক-এর প্রতিবেদনে বলা হয়, বিয়ের অন্যতম আকর্ষণ ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে ভেন্যুর আশপাশে এক লাখের বেশি দর্শক জড়ো হন। প্রতিযোগিতা ভালোভাবে দেখার জন্য বেশ কয়েকজন বিদ্যুতের টাওয়ারে উঠে পড়েন। বিহার তক জানায়, প্রথম রাউন্ড ও সেমিফাইনালে ৩৫ নম্বর কালো ঘোড়া এবং দ্বিতীয় রাউন্ডে ২৭ নম্বর ঘোড়া জয়ী হয়। দ্বিতীয় রাউন্ডে অনন্ত সিংয়ের ঘোড়াটিকে পিছিয়ে থাকতে দেখা যায়। অনন্ত সিং ও সাবেক এমপি ব্রিজ ভূষণ শরণ সিং একসঙ্গে রেসিং মাঠে যান। তবে নিরাপত্তার শঙ্কা বাড়ায় আয়োজকরা প্রতিযোগিতা বন্ধ করে মাঠ খালি করার উদ্যোগ নেন এবং ফাইনাল দৌড় বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নির্ধারণ করেন। বিজয়ী পাবেন একটি মাহিন্দ্রা থার, আর প্রথম ও দ্বিতীয় রানার-আপ পাবেন যথাক্রমে একটি মোটরসাইকেল ও একটি স্কুটি।
খাবারের আয়োজনও ছিল বিশাল পরিসরের। অনন্ত সিংয়ের তথ্য অনুযায়ী, চার লাখের বেশি মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছিল। আজ তক জানায়, বিয়ের ভোজ প্রস্তুত করতে প্রায় ৫০০ রাঁধুনি ও কর্মী কাজ করেছেন এবং ৩০০টির বেশি রান্নার স্টেশন বসানো হয়। নিরামিষ এই মেন্যুতে মিষ্টির ওপর বিশেষ জোর দেওয়া হয়েছিল; রসগোল্লা, গুলাব জামুন, রাজভোগ, কালা জামুন, মালপোয়া, জিলিপি, গাজরের হালুয়া ও মাখানার ক্ষীরসহ অন্তত আট ধরনের মিষ্টি রাখা হয়। পাশাপাশি বিহারের ঐতিহ্যবাহী লিট্টি-চোখা, চাট, গোলগাপ্পা, আলু টিক্কি, দোসা, চিল্লা ও চাউমিন ছিল। এ ছাড়া কাশ্মীরি পোলাও, চার ধরনের সবজি এবং লাচ্ছা পরাটা ও রুমালি রুটিসহ বিভিন্ন ধরনের রুটিও পরিবেশনের তালিকায় ছিল।
ঘোড়দৌড়, নিউজিল্যান্ড, চীন ও থাইল্যান্ড থেকে আনা ফুলে সাজানো জয়পুর প্রাসাদের আদলে তৈরি বিয়ের মণ্ডপ এবং ভিআইপি ও সাধারণ অতিথিদের জন্য আলাদা ব্যবস্থাসহ সব আয়োজনই করেছিলেন অনন্ত সিং। তবে তার উন্মুক্ত আমন্ত্রণে সাড়া দিয়ে আসা মানুষের বিপুল সংখ্যা পুরো আয়োজনকে ছাড়িয়ে গেছে। একদিকে হাজারো মানুষ নাদওয়ান থেকে বের হওয়ার পথ খুঁজছেন, অন্যদিকে বর ঋষিকেশ কুমারের বরযাত্রী নিয়ে বিয়ের ভেন্যুতে পৌঁছানো নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
ডিবিসি/এসডব্লিউএন