আন্তর্জাতিক
গাজায় ইসরায়েলি হামলায় স্ত্রী ও দুই কন্যাসহ শীর্ষ হামাস নেতা নিহত

অবরুদ্ধ গাজায় ইসরায়েলের হামলায় দেশটির স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা, তার স্ত্রী ও দুই কন্যাসহ অন্তত সাতজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, উত্তর গাজার অভ্যন্তরীণ নিরাপত্তা সার্ভিসের পরিচালক মুহাম্মদ মাজিদ আবু আল-আওফ শাতি শরণার্থী শিবিরে এক হামলায় নিহত হয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়, ওই হামলায় আল-আওফের স্ত্রী এবং ১৩ ও ১৫ বছর বয়সী দুই কন্যাও নিহত হয়েছেন।
মন্ত্রণালয় এই ঘটনাকে ‘ভয়াবহ হত্যাকাণ্ড’ হিসেবে বর্ণনা করে বলেছে, গাজা সিটির শাতি শরণার্থী শিবিরে পরিবারের আবাসস্থলে বোমা বর্ষণের মাধ্যমে ইসরায়েলি দখলদার বাহিনী এটি ঘটিয়েছে। ফিলিস্তিনি সমাজে বিশৃঙ্খলা ছড়ানোর উদ্দেশ্যে গাজা উপত্যকার নিরাপত্তা ব্যবস্থা দুর্বল করার চলমান প্রচেষ্টার অংশ হিসেবেই এই হামলা চালানো হয়েছে বলে মন্ত্রণালয় উল্লেখ করেছে।
আল-শিফা হাসপাতালের একটি সূত্র আল জাজিরাকে নিশ্চিত করেছে যে, শরণার্থী শিবিরের একটি অ্যাপার্টমেন্টে ইসরায়েলি হামলায় একই পরিবারের চারজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। অভ্যন্তরীণ নিরাপত্তা সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাইম আবু নাহাল নিহত হওয়ার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে এই হামলার ঘটনা ঘটল।
অন্যান্য প্রাণঘাতী হামলার ঘটনায় গাজা সিটির আল-কারামা এলাকায় ড্রোন হামলায় দুজন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং উত্তর গাজার জাবালিয়া আল-বালাদে বাস্তুচ্যুতদের আশ্রয় নেওয়া একটি তাঁবুতে ইসরায়েলি হামলায় সপ্তম এক ফিলিস্তিনি পুরুষ নিহত হয়েছেন। এ ছাড়া দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণের বাইরের এলাকায় তাদের গুলিতে এক ফিলিস্তিনি কিশোরী আহত হয়েছেন বলে নাসের মেডিকেল কমপ্লেক্সের চিকিৎসা সূত্র জানিয়েছে।
ডিবিসি/এসডব্লিউএন