ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

বাংলাদেশ সীমান্তের কাছে নিখোঁজ বিএসএফ সদস্যের মরদেহ নদী থেকে উদ্ধার

বাংলাদেশ সীমান্তের কাছে নিখোঁজ বিএসএফ সদস্যের মরদেহ নদী থেকে উদ্ধার

আন্তর্জাতিক

বাংলাদেশ সীমান্তের কাছে নিখোঁজ বিএসএফ সদস্যের মরদেহ নদী থেকে উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে

ভারতের আসামের কাছাড় জেলায় বাংলাদেশ সীমান্তের কাছে সন্দেহভাজন গরু পাচারকারীদের ধাওয়া করতে গিয়ে নিখোঁজ হওয়া ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক কনস্টেবলের মরদেহ কুশিয়ারা নদী থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে শ্রীভূমি জেলার স্টিমারঘাটের কাছে নদীর ভাটি থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে বিএসএফের মিজোরাম ও কাছাড় ফ্রন্টিয়ার নিশ্চিত করেছে।

নিহত ওই বিএসএফ সদস্যের নাম কে ভেনু (৩২)। তিনি কাটিগড়ার হরিনগর বর্ডার আউটপোস্টে (বিওপি) কনস্টেবল (জিডি) হিসেবে কর্মরত ছিলেন। গত সোমবার ভোরে হরিনগর বিওপি এলাকায় চার থেকে পাঁচজন সন্দেহভাজন গরু পাচারকারীর গতিবিধির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হেড কনস্টেবল জিতেন্দ্র যাদব ও কনস্টেবল ভেনু তাদের ধরতে যান। বিএসএফের চ্যালেঞ্জের মুখে পাচারকারীরা পালানোর জন্য নদীতে ঝাঁপ দিলে ওই দুই জওয়ানও তাদের পিছু নিয়ে বরাক নদীতে ঝাঁপ দেন। কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার পার্থ প্রতিম দাস জানান, এ সময় হেড কনস্টেবল জিতেন্দ্র যাদব সাঁতরে তীরে ফিরতে সক্ষম হলেও কনস্টেবল ভেনু নিখোঁজ হন।

 

নিখোঁজের পরপরই স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (এসডিআরএফ), ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ), নৌ-পুলিশ ও বিএসএফ সদস্যরা যৌথভাবে তল্লাশি অভিযান শুরু করেন। দীর্ঘ তল্লাশির পর বুধবার সকাল আনুমানিক ৮টা ২০ মিনিটের দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে ওই জওয়ান নিখোঁজ হওয়ার পর তাকে বাংলাদেশে নিয়ে যাওয়া হয়ে থাকতে পারে বলে গুঞ্জন ছড়িয়েছিল। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছ থেকে এ ধরনের কোনো তথ্য পাওয়া যায়নি বলে বিএসএফের পক্ষ থেকে জানানো হয়।

 

বিএসএফ সূত্র জানিয়েছে, নিহত কনস্টেবল ভেনুর শরীরে বাহ্যিক কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এরই মধ্যে তার পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে। ময়নাতদন্ত শেষে বিএসএফ কর্মকর্তাদের তত্ত্বাবধানে তার মরদেহ বিমানে করে নিজ রাজ্য তেলেঙ্গানায় পাঠানো হবে এবং সেখানে তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হবে।

 

সূত্র: এনডিটিভি

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন