বিজ্ঞান ও প্রযুক্তি
দেউলিয়া হচ্ছে জনপ্রিয় এআই চ্যাটবট প্রতিষ্ঠান, ঝুঁকিতে কোটি মানুষের গোপন তথ্য

জনপ্রিয় চ্যাটবট প্রতিষ্ঠান ‘ক্যারেক্টার ডট এআই’ (Character.ai) দেউলিয়া হতে চলেছে। এর ফলে শিশুসহ কোটি কোটি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য, বার্তা ও গোপন কথা বিক্রির ঝুঁকিতে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের এক বড় ও অপ্রকাশিত ঝুঁকিকে সামনে এনেছে।
বিশ্লেষকদের মতে, এআই টুল তৈরি ও পরিচালনা করা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় অনেক প্রতিষ্ঠান কখনোই লাভের মুখ না-ও দেখতে পারে। ফলে এআই খাতের এই ‘বুদবুদ’ ফেটে গেলে অসংখ্য প্রতিষ্ঠান বন্ধ বা একীভূত হয়ে যাবে। তখন তাদের কাছে থাকা কোটি কোটি মানুষের ব্যক্তিগত তথ্য যে কেউ কিনে নিতে পারবে।
ইলেকট্রনিক প্রাইভেসি ইনফরমেশন সেন্টারের (এপিক) পরিচালক ক্যালি শ্রোডার বলেন, মানুষের মতো আচরণ করা চ্যাটবটের সাথে ব্যবহারকারীরা অনেক বেশি ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য শেয়ার করেন। এমনকি যারা এআই ব্যবহার করেন না, তারাও নিরাপদ নন। কারণ ব্যবহারকারীরা প্রায়ই তাদের বন্ধু ও পরিবারের সদস্যদের ব্যক্তিগত কথাও চ্যাটবটকে বলে থাকেন।
দেউলিয়া হওয়ার প্রক্রিয়ায় ক্যারেক্টার ডট এআই তাদের কিছু সম্পদ ২ কোটি ডলারে ডিজনির কাছে বিক্রি করতে সম্মত হয়েছে। ওই চুক্তিতে ব্যবহারকারীদের তথ্য না থাকলেও আদালতের নথি অনুযায়ী প্রতিষ্ঠানটি এই তথ্য অন্য ক্রেতাদের কাছে বিক্রি করতে পারবে।
এ বিষয়ে উদ্বেগ জানিয়ে যুক্তরাষ্ট্রের ৪০টি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলরা শিশুদের নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষার আহ্বান জানিয়েছেন। তবে নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক মেলিসা জ্যাকবি মনে করেন, যুক্তরাষ্ট্রে কঠোর গোপনীয়তা আইন না থাকায় এক্ষেত্রে খুব বেশি কিছু করার সুযোগ নেই। কোনো প্রতিষ্ঠান দেউলিয়া হলে তাদের গোপনীয়তা নীতির অনেক সুরক্ষা শর্তই আর কার্যকর থাকে না। ক্যারেক্টার ডট এআইয়ের নীতিমালা অনুযায়ী, ক্রেতারা এসব তথ্য এআই মডেল প্রশিক্ষণ, অ্যালগরিদম তৈরি এবং টার্গেটেড বিজ্ঞাপনের কাজে ব্যবহার করতে পারবে।
এর আগে ক্যারেক্টার ডট এআইয়ের চ্যাটবটের প্ররোচনায় ১৪ বছর বয়সী এক কিশোরের আত্মহত্যা এবং আরেক কিশোরকে তার মা-বাবাকে হত্যার উসকানি দেওয়ার অভিযোগ উঠেছিল। প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র জানিয়েছেন, তারা এসব মামলা নিষ্পত্তি করেছেন এবং কিশোরদের নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ নিচ্ছেন। তবে শিশুদের তথ্যের গোপনীয়তা নিয়ে নির্দিষ্ট প্রশ্নের কোনো উত্তর তিনি দেননি।
বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের ঝুঁকি থেকে বাঁচতে ব্যবহারকারীদের উচিত নিজেদের তথ্য দ্রুত মুছে ফেলা। যেসব এআই সেবার কাছে সংবেদনশীল তথ্য রয়েছে এবং সেগুলো আর ব্যবহার করা হচ্ছে না, সেগুলোর প্রাইভেসি সেটিংস, প্রাইভেসি পলিসি কিংবা কাস্টমার সাপোর্টের মাধ্যমে তথ্য মুছে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে।
সূত্র: বিবিসি
ডিবিসি/এমএনকে