ভারত
তিন ছেলে উপার্জন করলেও জুটছে না খাবার, ৭৫ বছর বয়সে রিকশা টানছেন বৃদ্ধ বাবা

উপার্জনক্ষম তিন ছেলে থাকার পরও ভরণপোষণ না পাওয়ায় ৭৫ বছর বয়সে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতে হচ্ছে এক বৃদ্ধকে। ভারতের ভাগলপুরের বুধনাথ এলাকার এই ঘটনার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওতে ওই বৃদ্ধ জানান, তাঁর তিন ছেলেই উপার্জন করেন, কিন্তু কেউ তাঁকে খেতে দেন না। ফলে এই বয়সেও দু’মুঠো খাবারের জন্য বাধ্য হয়ে তাঁকে হাড়ভাঙা পরিশ্রম করে রিকশা টানতে হচ্ছে।
বৃদ্ধের এমন করুণ অবস্থা দেখে এক তরুণ অভিনব উদ্যোগ নেন। তিনি ওই বৃদ্ধকে রিকশার সিটে বসিয়ে নিজেই রিকশাটি টানার চেষ্টা করেন। ঠিকমতো চালাতে না পারলেও তাঁর প্রচেষ্টার কোনো কমতি ছিল না।
‘আদিত্যচৌহান১৭_ইউটিউব’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করা হয়। ইতিমধ্যে কয়েক লাখ মানুষ ভিডিওটি দেখেছেন। বৃদ্ধের ছেলেদের এমন আচরণে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা। কেউ কেউ তাঁর জন্য কোনো ভাতার ব্যবস্থা করা যায় কি না, সে বিষয়েও খোঁজ নিয়েছেন।
ভিডিওর মন্তব্যে একজন লিখেছেন, ‘এটা অত্যন্ত লজ্জার বিষয় যে একজন বাবা তিন সন্তানের যত্ন নিতে পারেন, কিন্তু তিন সন্তান মিলে একজন বাবার যত্ন নিতে পারে না।’
সূত্র: আনন্দবাজার
ডিবিসি/এমএনকে