আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে তীব্র ঝড়ের শঙ্কায় ৬ হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত

থ্যাংকসগিভিংয়ের ছুটিতে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বৈরী আবহাওয়া। দেশটির পূর্ব ও পশ্চিম, দুই উপকূলেই জোড়া ঝড়ের প্রভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে যাতায়াত ব্যবস্থা। এর জেরে এখন পর্যন্ত ছয় হাজারের বেশি ফ্লাইটের সময়সূচি পিছিয়েছে এবং বাতিল হয়েছে পঁচাত্তরের বেশি ফ্লাইট।
মায়ামি বিমানবন্দরে একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে পড়ায় সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) সেই নিষেধাজ্ঞা তুলে নিলেও বিমানবন্দরটিতে ফ্লাইট বিলম্বের ভোগান্তি এখনো কাটেনি। অন্যদিকে, ঝড় ও বৃষ্টির পূর্বাভাসের কারণে ইতিহাসে প্রথমবারের মতো স্থগিত করা হয়েছে শততম মেসিস থ্যাংকসগিভিং ডে প্যারেড।
ঝড়ের তীব্রতায় পশ্চিম উপকূলে দেখা দিয়েছে তীব্র জলোচ্ছ্বাস। সান ফ্রান্সিসকোর দক্ষিণে প্যাসিফিকা এলাকায় ঢেউয়ের তোড়ে একটি জেটির অংশবিশেষ ধসে পড়েছে। সান দিয়েগোতে জোয়ারের পানি ভেঙে দিয়েছে আগের সব রেকর্ড। এদিকে পূর্ব উপকূলেও আতঙ্ক বাড়ছে। আশঙ্কা করা হচ্ছে, ২০১২ সালের সুপারস্টর্ম স্যান্ডির পর এবারই সেখানে পানির উচ্চতা সর্বোচ্চ হতে পারে। সেই সাথে তীব্র বাতাসের কারণে ডেলাওয়্যার ও নিউ জার্সির বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার বড় ঝুঁকি তৈরি হয়েছে।
সূত্র: সিএনএন
ডিবিসি/এসভিএন