ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

কাস্তে-জমি নেই, ইঁদুরের গর্তের ধানেই চলে কয়েক মাসের সংসার

কাস্তে-জমি নেই, ইঁদুরের গর্তের ধানেই চলে কয়েক মাসের সংসার

সারা বাংলা

কাস্তে-জমি নেই, ইঁদুরের গর্তের ধানেই চলে কয়েক মাসের সংসার

কুড়িগ্রাম প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

হেমন্তের মাঠজুড়ে পাকা আমন ধান। কৃষকেরা যখন ধান কাটায় ব্যস্ত, তখন সেই খেতেই অন্য এক সংগ্রামে নামেন ভূমিহীন ও দরিদ্র নারীরা। তাঁদের হাতে কাস্তে নেই, নেই নিজের জমি। তাঁরা খুঁজে বেড়ান ইঁদুরের গর্ত। সেই গর্ত খুঁড়ে মেলে ইঁদুরের জমিয়ে রাখা ধান। এই ধানই তাঁদের কাছে ‘ইঁদুরধান’। কারও দুই মাস, কারও তিন মাসের খাবারের সংস্থান হয় এই ধানে। অভাবের সংসারে ইঁদুরের গর্তই যেন তাঁদের বেঁচে থাকার অবলম্বন।

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশার তালুক গ্রামের মুন্নি বেগম (৫৮) তেমনই একজন। স্বামী মারা যাওয়ার পর পাঁচ মেয়েকে নিয়ে তাঁর সংসার। পরিবারের নিজস্ব কোনো জমি নেই। তাই আমন ধান কাটার মৌসুম এলেই মাঠে মাঠে ঘুরে ইঁদুরের গর্ত খুঁজতে থাকেন তিনি। এরপর মাটি খুঁড়ে বের করেন ইঁদুরের জমানো ধান।

 

মুন্নি বেগম জানান, প্রতিবছর এভাবে ইঁদুরের গর্ত খুঁড়ে চার মণের বেশি ধান সংগ্রহ করতে পারেন। সেই ধানে তাঁর প্রায় দুই মাসের খাবারের সংস্থান হয়। তিনি বলেন, ‘অভাব আছে দ্যাখিতো হামরাগুলা ইন্দুরের খাইল খুরি ধান আনি। হামরাগুলা ধানকুড়ানি হয়া গ্যাছি। ইন্দুরধান হামার সম্বল।’

 

কুড়িগ্রাম সদর উপজেলার হেমেরকুটি গ্রামের শেফালী বেগম (৪৫)-ও জীবিকার তাগিদে ধানকুড়ানির কাজ করেন। তাঁর ভাষ্য, একটি গর্ত খুঁড়ে ধান বের করতে দুই থেকে তিন ঘণ্টা সময় লাগে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই সংগ্রহ। তবে কাজটি ঝুঁকিপূর্ণও। কখনো কখনো গর্তের ভেতর থেকে সাপ বেরিয়ে আসে। তাই প্রতিটি গর্ত খোঁড়ার সময় থাকতে হয় সতর্ক।

 

রাজারহাট উপজেলার বাছড়া বাজার এলাকার তসলিমা বেগম (৪৭) গত বছর ছেলের বউকে সঙ্গে নিয়ে ইঁদুরের গর্ত থেকে প্রায় ৯ মণ ধান সংগ্রহ করেছিলেন। এবারও ছয় থেকে সাত মণ ধান পাওয়ার আশা করছেন তিনি। তসলিমা বলেন, ‘হামারতো আর জমি নাই যে ধান আবাদ করমো। ইন্দুরের খাইল খুঁড়ি কিছু ধান পাই। তাক দিয়া দুই-তিন মাস সংসার চলে।’

 

তসলিমা বেগম জানান, ১০ থেকে ১২ দিনে ২৫ থেকে ৩০টি গর্ত খুঁড়ে তিন থেকে চার মণ ধান সংগ্রহ করা সম্ভব। এই ধান বিক্রি করে কিংবা নিজেদের খাবারের কাজে লাগিয়ে কয়েক মাসের জন্য হলেও অভাবের সংসারে কিছুটা স্বস্তি মেলে।

 

এই গ্রামের কৃষক আহসান হাবীব (৩০) বলেন, ইঁদুর ফসলের বড় শত্রু। তাই ধানকুড়ানিরা গর্ত খুঁড়ে ধান সংগ্রহ করলে কৃষকেরা তাঁদের বাধা দেন না। বরং গর্ত খোঁড়ার কারণে খেত থেকে ইঁদুর পালিয়ে যায়। এতে ফসলের ক্ষতিও কিছুটা কমে।

 

গ্রামবাংলায় ইঁদুরের গর্ত থেকে ধান সংগ্রহের এই প্রথা বহুদিনের। বিশেষ করে আমন ধান পাকার পর ইঁদুর খেত থেকে ধান কেটে গর্তে জমা করে। পরে ধান কাটার মৌসুমে ভূমিহীন ও দরিদ্র মানুষেরা সেই গর্ত খুঁড়ে ধান সংগ্রহ করেন। গ্রামাঞ্চলে নারী ও শিশুদের এ কাজে বেশি দেখা যায়। কেউ কেউ ১০ থেকে ১২ দিনে ২৫ থেকে ৩০টি গর্ত খুঁড়ে তিন থেকে চার মণ ধান সংগ্রহ করতে পারেন। এই ধানই তাঁদের কাছে কয়েক মাসের খাবারের সংস্থান।

 

তবে ইঁদুর শুধু দরিদ্র মানুষের জন্য খাবারের উৎস নয়, কৃষকের জন্য বড় ক্ষতির কারণও। কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রতিবছর দেশে ইঁদুরের কারণে গড়ে প্রায় ৫০০ কোটি টাকার ফসল নষ্ট হয়। যুক্তরাষ্ট্রের কৃষিবিষয়ক সংস্থা ইউএসডিএ-এর ২০১০ সালের এক গবেষণায় গঙ্গা-ব্রহ্মপুত্র অববাহিকাকে বিশ্বের অন্যতম ইঁদুর উপদ্রুত ও বংশবিস্তারকারী এলাকা হিসেবে উল্লেখ করা হয়েছে। এ অঞ্চলের দেশগুলোর মধ্যে বাংলাদেশও রয়েছে।

 

আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্রের (ইরি) ২০১৩ সালের এক গবেষণায় বলা হয়েছে, এশিয়ায় ইঁদুর প্রতিবছর যে পরিমাণ ধান-চাল নষ্ট করে, তা ১৮ কোটি মানুষের এক বছরের খাবারের সমান। বাংলাদেশে ইঁদুরের কারণে ৫০ থেকে ৫৪ লাখ মানুষের এক বছরের খাবারের সমপরিমাণ খাদ্য নষ্ট হয়।

 

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু ফাত্তাহ্ মো. রওশন কবির বলেন, ‘কেবল আমন ধানের মৌসুমেই মাঠে মাঠে ধানকুড়ানিদের দেখা মেলে। এই ইঁদুরধান সংগ্রহের বিষয়টি বাংলার আবহমান কৃষি সংস্কৃতিরই অংশ।’

 

ধানের মাঠে ইঁদুরের উৎপাত কৃষকের ক্ষতির কারণ হলেও সেই ইঁদুরের গর্তই আবার ভূমিহীন মানুষের কাছে হয়ে ওঠে বেঁচে থাকার অবলম্বন। নিজের জমিতে ফসল ফলানোর সামর্থ্য নেই, তবু মাঠের মাটির নিচে জমা শস্যেই খুঁজে নেন তাঁরা জীবনের রসদ। অভাবের তাড়নায় ইঁদুরের গর্ত খুঁড়ে ধান সংগ্রহ করা এসব মানুষের কাছে ‘ইঁদুরধান’ শুধু খাদ্য নয়, কয়েক মাস বেঁচে থাকার আশাও।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন